বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মধ্যে চর্চার শেষ নেই। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ ইসুতেই এখনও টালবাহানা অব্যাহত। যদিও সম্প্রতি ষষ্ঠ পে কমিশনের আওতায় ২০% বেড়েছে ডিএ। রাজ্যে যখন মহার্ঘ ভাতা ইস্যুতে চর্চা চলছে ঠিক তখনই পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর সামনে এল।
বকেয়া ডিএ নিয়ে বড় রায় আদালতের | Dearness Allowance, Dearness Relief
সে রাজ্যের ডিএ সংক্রান্ত এক মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর বকেয়া মেটানোর বিষয়ে বড় রায় দিয়েছে। সোমবার মহার্ঘ ভাতা প্রদানকে চ্যালেঞ্জ করে পাঞ্জাব সরকারের করা আপিলগুলো খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। শুধু তাই নয়, রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে।
ডিএ মামলায় রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি রোহিত কাপুরকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জানিয়ে রাখি, বিচারপতি হরপ্রীত সিং ব্রারের দেওয়া পূর্ববর্তী রায় বহাল রেখেই পাঞ্জাব সরকারের আপিলগুলো খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আদালতের সাফ নির্দেশ, রাজ্য সরকার ১৫ দিনের মধ্যে ডিএ না মেটালে অর্থাৎ অর্ডার কার্যকর না করা হলে বকেয়া অর্থের উপর বার্ষিক ৬ শতাংশ হারে সরল সুদ দিতে হবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, এই মাসের শেষ নাগাদ নির্দেশ পালনের বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্কে নতুন মোড়, ইডিকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, যেখানে সুপ্রিম কোর্টে এ রাজ্যের ডিএ মামলা এখনও সক্রিয় রয়েছে, সেই পরিস্থিতিতে আদালতের এই রায় শুধুমাত্র পাঞ্জাব নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও বিরাট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
















