বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির উন্নয়নে এবার নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ‘বিদ্যাঞ্জলি’ প্রোগ্রাম (Vidyanjali Scheme) এবার বাংলাতেও চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই কর্মসূচির মাধ্যমে স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা ও প্রশিক্ষণের মতো নানা কাজে অংশ নিতে পারবে স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই সব জেলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যাঞ্জলি প্রকল্প (Vidyanjali Scheme) কী?
স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে আরও উন্নত করতে এই প্রকল্প (Vidyanjali Scheme) চালু করা হচ্ছে। মূলত সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানকে স্কুলের সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্স-সহ বিভিন্ন পরিষেবামূলক কাজে অংশ নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি স্কুলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সরঞ্জামও দেওয়া যাবে।
জানা গিয়েছে, বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী দেওয়ার সুযোগ থাকবে এই প্রকল্পে। এছাড়াও স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজেও সাহায্য করতে পারবেন স্বেচ্ছাসেবীরা।
এই কর্মসূচিতে অংশ নিতে হলে স্কুলগুলিকে Vidyanjali Portal-এ রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে UDISE+ কোড। রেজিস্ট্রেশনের পর স্কুল কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবকদের শর্টলিস্ট করবে।

আরও পড়ুনঃ রেল কর্মীদের জন্য সুখবর! বাড়তে পারে বেতন, জানুন রেলের নতুন ঘোষণা
এরপর আবেদনকারীদের সঙ্গে বৈঠক করে তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে। সব কিছু যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যাঞ্জলি (Vidyanjali Scheme) কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হলেও এতদিন রাজ্যে তা কার্যকর হয়নি। এবার নতুন করে এই কর্মসূচি চালু হওয়ায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।













