বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফুটবলের ইতিহাসে পরিসংখ্যানে মাঝে মাঝে এমন কিছু কাকতালীয় সত্যি সামনে এনে দেয়, যা ভক্তদের আশায় বুক বাঁধতে বাধ্য করে। বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের গ্রূপ শীর্ষে থেকে নক-আউট পৌঁছনোর পর ব্রাজিল (Brazil) সমর্থকদের কাছে তেমনই একটা অদ্ভুত পরিসংখ্যান সামনে উঠে এসেছে। সেই পরিসংখ্যানটি হলো গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনও একক ব্রাজিলিয়ান তারকার টানা গোল করার ঘটনা সংক্রান্ত। ইতিহাস বলছে, যখনই এমনটা হয়েছে, তখনই বিশ্বকাপের ট্রফি জিতেছে সাম্বা ব্রিগেড। এবার এই কাজটি করে ফেলেছেন ভিনিসিয়স জুনিয়র (Vinicius Junior)।

১৯৭০: জাইরজিনহো ঝড়- ১৯৭০ বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করেছিলেন জাইরজিনহো। ইংল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া – কাউকেই ছাড়েননি। শুধু গ্রুপ পর্ব নয়, গোটা টুর্নামেন্টের ৬ ম্যাচেই গোল করে রেকর্ড গড়েন তিনি। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল। সেই দলকে আজও বলা হয় ‘সর্বকালের সেরা’।
১৯৯৪: রোমারিওর জাদু- ২৪ বছর পর আবার সেই মিল। ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে রাশিয়া, ক্যামেরুন ও সুইডেন – তিন ম্যাচেই জালের ঠিকানা খুঁজে পান রোমারিও। গোটা টুর্নামেন্টে ৫ গোল করে ব্রাজিলকে ফাইনালে তোলেন তিনি। ইতালির বিরুদ্ধে নির্ধারিত সময় অবধি ফাইনাল ম্যাচ গোলশূন্য থাকলেও টাইব্রেকারে কিংবদন্তি রবার্তো বাজ্জিওর পেনাল্টি মিসের দরুণ ২৪ বছরের খরা কাটিয়ে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জেতে সেলেসাওরা। রোমারিও হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
২০০২: রোনাল্ডো-রিভাল্ডো জুটি- ২০০২ সালে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। গ্রুপ পর্বে তুরস্ক, চীন ও কোস্টারিকার বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো ও রিভাল্ডো – দুজনেই। কিংবদন্তি রোনাল্ডো নাজারিও ওই টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন, রিভাল্ডো পান ৫ গোল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বজয় করে লুই ফিলিপ স্কোলারির ব্রাজিল। সেটিই এখনও ব্রাজিলের শেষবার বিশ্বকাপ জয়।
২০২৬: ভিনিসিয়াস জুনিয়রের পালা?
এবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল, হাইতির বিরুদ্ধে এক গোল ও এক অ্যাসিস্ট, আর গত বারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে গোল করে দলকে হার বাঁচাতে সাহায্য করা। ৩ ম্যাচে ৪ গোল করে ভিনি এখন ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় নাম।
পরিসংখ্যানের কাকতালীয় হিসেব বলছে, ১৯৭০, ১৯৯৪, ২০০২ – তিনবারই গ্রুপ পর্বে তিন ম্যাচে কোনও ব্রাজিলিয়ান টানা গোল করলেই ট্রফি এসেছে। ২০২৬ সালে সেই কাজটি করে ফেলেছেন ভিনিসিয়াস। এবার সেই পরিসংখ্যানকে বাস্তবায়িত করার দায়িত্ব তারই কাঁধে।













