বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯ তম সংস্করণ (IPL 2026) নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার অন্ত ছিল না। আর সমর্থকদের সেই প্রত্যাশা অনেকাংশেই পূর্ণও হয়েছে। এইবারের আইপিএল ছিল যেন রান-বৃষ্টির মরশুম। ব্যাটারদের দানবিক দাপটের সামনে ভেঙে চুরমার হয়ে গেছে টুর্নামেন্টের ইতিহাসের প্রায় সব পুরোনো পরিসংখ্যান। বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), শুভমান গিল (Shubman Gill) থেকে শুরু করে লোকেশ রাহুল (KL Rahul), এবার এই সুপারস্টারদের ব্যাটে ভর করে এবারের আইপিএল যেন হয়ে উঠেছিল ব্যাটারদের স্বর্গরাজ্য।
আরও পড়ুন: ম্যাচ জিতেও জরিমানার সম্মুখীন! নিয়ম লঙ্ঘনের জেরে BCCI-র শাস্তির কবলে RCB-র হেড কোচ
• যে সব রেকর্ড ভাঙলো IPL 2026-এর মঞ্চে •
১. এক মরশুমে সর্বোচ্চ রান: এবারের মরশুমে সকল ম্যাচ মিলিয়ে রানসংখ্যার গন্ডি গিয়ে দাঁড়িয়েছে ২৭,৪৫০-এ। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে কোনো মরশুমে এত রান হয়নি। গোটা টুর্নামেন্টের হাতেগোনা কয়েকটি ম্যাচ বাদে দেখা গিয়েছে ব্যাটারদের সংহারক রূপ। বোলারদের জন্য দুঃস্বপ্ন, দর্শকদের জন্য পয়সা উসুল।

২. এক মরশুমে সর্বোচ্চ বাউন্ডারি: এবারের মরশুমে মোট বাউন্ডারির সংখ্যা ২৩৩২ টি। ছক্কার দাপটের যুগেও চার মারার প্রতিযোগিতা চলেছে গোটা মরশুম জুড়ে। শুভমান গিল, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুলদের মতো ক্লাসিক ব্যাটাররা এই মরশুমে একাধিকবার চোখ ধাঁধানো শটে ফিল্ডিং চিড়ে দলের স্কোরকার্ডে ৪ টি রান মূল্যবান যোগ করেছেন এবং আইপিএলের ইতিহাসে কোনো মরশুমে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন: T20 World Cup থেকে FIFA বিশ্বকাপ! ২০২৬ যেন সুপার স্পোর্টস ইয়ার, সম্পন্ন হবে ১০ টি মেগা ইভেন্ট
৩. ছক্কার ঝড়ের রেকর্ড: এবারের টুর্নামেন্টে মোট ১৪২৬ বার আকাশপথে বল গ্যালারিতে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফিন অ্যালেন, অভিষেক শর্মা, রজত পতিদারের মতো তারকারা। এর আগে কোনো মরশুমে এত ছক্কার ফুলঝুড়ি দেখেননি ক্রিকেটপ্রেমীরা। আর মোট ৭২ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কার মালিক বৈভব সূর্যবংশী এই রেকর্ড প্রতিষ্টার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।

৪. সেঞ্চুরির বন্যার রেকর্ড: এবারের আইপিএলে মোট ১৫ বার শতরানের গন্ডি টপকাতে দেখা গিয়েছে ব্যাটারদের যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এক মরশুমে এতগুলো সেঞ্চুরি আগে এই টুর্নামেন্টে কখনও হয়নি। বিরাট কোহলি, শুভমন গিল থেকে শুরু করে নতুন বালক বিস্ময় বৈভব সূর্যবংশী, সেঞ্চুরি হাঁকিয়েছেন সকলেই। তবে এদের মধ্যে ২ বার শতরানের গন্ডি টপকে ভারতকে ২০২৬ বিশ্বকাপ জেতানো সিএসকের নতুন তারকা সঞ্জু স্যামসন সকলের নজর কেড়েছেন। সেইসঙ্গে প্রায় ১৩ বছর ফের একবার আইপিএলের মঞ্চে কোনো ব্যাটারকে ১৫০ রানের গন্ডি টপকাতে দেখা গিয়েছে এবার। আর এই অত্যাশ্চর্য কাজটি করে দেখিয়েছেন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল।
• কেন এত রান •
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, পাটা উইকেট আর ব্যাটারদের ভয়ডরহীন আগ্রাসী মনোভাবের কারণেই বদলে গেছে IPL-এর চেহারা। বোলারদের জন্য কাজটা কঠিন হয়েছে ঠিকই, তবে দর্শকরা পেয়েছেন নির্ভেজাল বিনোদন।












