ল্যাপটপ থেকে বিদেশ সফর, মাসে ৮০ হাজারের ভাতাও! আইএএসদের জন্য নয়া ঘোষণা সরকারের

Published on:

Published on:

West Bengal government announced huge benefits for IAS officers

বাংলা হান্ট ডেস্ক : বিদেশ ভ্রমণ থেকে বিলাসবহুল আবাসনের খরচ, এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা—রাজ্যের আমলাদের সুযোগ-সুবিধার পরিধি আরও বাড়ল রাজ্য সরকার (West Bengal Government)। সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনেও যাতে বাড়তি সুবিধা পান আইএএস আধিকারিকরা, সেই লক্ষ্যেই নতুন একাধিক আর্থিক সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিস্তারিত নিয়ম জানানো হয়েছে।

আইএএস আধিকারিকদের জন্য ঘোষণা সরকারের (West Bengal Government)

এতদিন হোম টাউন অথবা অল ইন্ডিয়া লিভ ট্রাভেল কনসেশন (এলটিসি) ব্যবহারের সুযোগ পেতেন আধিকারিকরা। এবার চার বছরের নির্দিষ্ট মেয়াদে একবার সেই সুবিধার বিকল্প হিসেবে বিদেশ সফরে যেতে পারবেন তাঁরা। অনুমোদিত গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও দুবাই-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। ফলে নির্দিষ্ট সময় অন্তর দেশের বাইরে ভ্রমণের সুযোগও যুক্ত হল তাঁদের পরিষেবার সঙ্গে।

West Bengal government announced huge benefits for IAS officers

আবাসন এবং অফিস পরিচালনার খরচের ক্ষেত্রেও নতুন আর্থিক বন্দোবস্ত করা হয়েছে। যাঁরা সরকারি বাসস্থান পাননি এবং বাড়ি ভাড়া ভাতাও নিচ্ছেন না, তাঁদের প্রকৃত বাড়ি ভাড়ার খরচের জন্য মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। এই ঊর্ধ্বসীমা প্রতি তিন বছর অন্তর ২০ শতাংশ করে বাড়ানোর নিয়ম রাখা হয়েছে। অর্থাৎ সময়ের সঙ্গে বাড়বে এই সুবিধার পরিমাণও।

আরও পড়ুন : KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

পদমর্যাদা অনুযায়ী আপ্যায়নের জন্য বরাদ্দও আলাদা করে নির্ধারণ করা হয়েছে। সচিবের নীচের স্তরের আধিকারিকদের মাসিক আপ্যায়ন ভাতা ১৫ হাজার টাকা। অন্যদিকে সচিব, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদে কর্মরতদের জন্য এই খাতে বরাদ্দ ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি ক্যাম্প অফিসে কর্মী নিয়োগের ব্যয় বহনের ব্যবস্থাও থাকছে। সচিব ও তার ঊর্ধ্বতন পদাধিকারীরা মাসে সর্বোচ্চ ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচের টাকা ফেরত পাবেন। জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর ১০ হাজার টাকা নলেজ টুলস অ্যালাউন্স দেওয়ার কথাও বলা হয়েছে।

উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলেও আর্থিক কারণে যাতে পিছিয়ে পড়তে না হয়, সেই বিষয়টিও বিবেচনায় রেখেছে সরকার। বিদেশে স্নাতকোত্তর পড়াশোনা, বোর্ডিং স্কুলে শিক্ষার খরচ এবং বিদেশ যাতায়াতের জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। অন্যদিকে, নতুন কাজে যোগ দেওয়া আইএএস আধিকারিকদের জন্য থাকছে প্রযুক্তিগত সরঞ্জাম। তাঁদের হাতে প্রিন্টার-সহ সর্বাধিক দু’লক্ষ টাকা মূল্যের ল্যাপটপ অথবা ডেস্কটপ তুলে দেওয়া হবে।

প্রশাসনিক পরিষেবার আধুনিকীকরণ এবং আধিকারিকদের কর্মপরিবেশ উন্নত করার উদ্দেশ্যেই এই পরিবর্তন বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তবে একাধিক সুবিধার মধ্যে কোনটি কী শর্তে পাওয়া যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট নিয়ম ও যোগ্যতার উপর। নতুন নির্দেশিকা কার্যকর হলে রাজ্যের আমলাতান্ত্রিক ব্যবস্থায় সুযোগ-সুবিধার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে।