এবার আদালতে ষষ্ঠ ও সপ্তম পে কমিশনের মামলা? বকেয়া DA মামলায় জয় পেতেই বড় ‘প্ল্যান’

Published on:

Published on:

dearness allowance(146)
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পর সম্প্রতি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। দেশের সর্বোচ্চ আদালত সরকারি কর্মচারীদের ১০০% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে এক মামলায় জয় মিলতেই এবার ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনেও কার্যকর করে তোলার চেষ্টা করা হবে ইঙ্গিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের।

ডিএ ইস্যুতে ফের মামলা? Dearness Allowance

সরকারি কর্মচারী সংগঠনের নেতার কথায়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে সরকারি কর্মীদের বলবৎযোগ্য আইনি অধিকার হল ডিএ। সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ীই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে। সেই বিষয়টাকে যাতে ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম পে কমিশনে আনা যায়, সেজন্য পদক্ষেপ করা হবে।

পঞ্চম বেতন কমিশনের মামলাতে জয় মিললেও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। তাঁদের কথায়, সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে রায় দিয়েছে। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে এমন কয়েকটি সুপারিশ করা হয়েছে, যেখানে ডিএ বা মহার্ঘ ভাতাকে কার্যত দয়ার দান বলা হয়েছে।

ষষ্ঠ পে কমিশনে ডিএ-কে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। বলেছেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথাও বলা হয়নি ষষ্ঠ পে কমিশনে। উল্টে বলা হয়েছে রাজ্য সরকার নিজের ইচ্ছা অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে পারবে।

dearness allowance(141)

আরও পড়ুন: ফের শীতের অনুভূতি, দক্ষিণবঙ্গে আজ বাড়বে বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। নতুন পে কমিশনেও কি ডিএ বা মহার্ঘ ভাতাকে দয়ার দান হিসেবে দেখা হবে? সপ্তম বেতন কমিশনে মহার্ঘ ভাতাকে অধিকার হিসেবে রাজ্য স্বীকৃতি দিতে পারে বলে মনে করছে না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে আদালত যেহেতু পঞ্চম পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতাকে বলবৎযোগ্য আইনি অধিকার বলেছে তাই তা যাতে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনেও কার্যকর করা হয়, সেই চেষ্টা করার আশ্বাস দিয়েছেন মলয়বাবু।