বাংলা হান্ট ডেস্কঃ দূরপাল্লার বাসে যাতায়াত করতে গিয়ে অনেক সময় বেশি টাকা খরচ করতে হয় যাত্রীদের। বিশেষ করে এসি স্লিপার বাসের ভাড়া বেশ চড়া। এবার সেই সমস্যা কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। যাত্রীদের সুবিধার কথা ভেবে সরকারি এসি ভলভো স্লিপার বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চারটি নতুন স্লিপার বাস রাজ্যে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই সেগুলি রাস্তায় নামতে পারে।
West Bengal Government : কোন কোন রুটে চলবে সরকারি স্লিপার বাস?
প্রাথমিকভাবে এসবিএসটিসির অধীনে এই বাসগুলি চালানোর কথা ভাবা হয়েছে। তবে কোন রুটে বাস চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত কলকাতা থেকে পুরী, শিলিগুড়ি, বালুরঘাট এবং পুরুলিয়া যাওয়ার রুট নিয়ে আলোচনা চলছে। এছাড়া দুর্গাপুর থেকে টাটানগর রুটেও বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

একেকটি বাসে প্রায় ৪০ জন যাত্রী শুয়ে যেতে পারবেন। ফলে রাতে বাসে ওঠার পর আর বসে বসে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। শুয়েই আরামে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, বাসের ভাড়াও সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঠিক করা হবে।
আরও পড়ুনঃ শোভনদেবের মর্যাদা নিয়ে এবার সরাসরি প্রশ্ন বিচারপতির! বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে নতুন মোড়
কেন সরকারি স্লিপার বাস চালাচ্ছে রাজ্য?
গত দু’বছরে বেসরকারি সংস্থার স্লিপার বাসের সংখ্যা অনেকটাই বেড়েছে। উত্তরবঙ্গ হোক বা পুরী, বিভিন্ন দূরপাল্লার রুটে এই বাসের চাহিদা রয়েছে। বিশেষ করে ট্রেনের টিকিট না পেলে অনেকেই বাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সমস্যা একটাই, এই বাসের ভাড়া অনেক বেশি। সাধারণ দূরপাল্লার ট্রেনের থ্রি এসি টিকিটের তুলনায় স্লিপার বাসের ভাড়া অনেক সময় প্রায় দ্বিগুণ হয়ে যায়। পুজোর সময় কিংবা শীতকালে সেই ভাড়া আরও বেড়ে যায়। কোনও কোনও ক্ষেত্রে একটি টিকিটের দাম ৫ হাজার টাকাও ছাড়িয়ে যায়। তাই যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল, সরকার যদি নিজেদের স্লিপার বাস চালু করে, তাহলে কম খরচে যাতায়াত করা সম্ভব হবে। সেই কথা মাথায় রেখেই নতুন বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে।
আসছে আরও ২৭টি নতুন ভলভো বাস
শুধু স্লিপার বাস নয়, সাধারণ যাত্রীদের জন্যও নতুন ভলভো বাস আনছে পরিবহণ দপ্তর। বাসগুলি আপাতত কসবা বাস ডিপোতে রাখা হয়েছে।ডব্লিউবিটিসির জন্য মোট ২৭টি নতুন ভলভো বাস আসার কথা। ইতিমধ্যে দু’টি বাস চলে এসেছে। আগামী সোমবার আরও দু’টি বাস আসার কথা রয়েছে। অন্যদিকে, এসবিএসটিসির জন্য মোট ১০টি ভলভো বাস কেনা হচ্ছে। এর মধ্যে চারটি স্লিপার বাস এসে গিয়েছে। বাকি ছ’টি হবে সাধারণ সিটার বাস।
বাসের ভিতরে থাকছে কী কী সুবিধা?
নতুন বাসগুলিতে যাত্রীদের আরামের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যে ব্যবস্থাগুলি করা হচ্ছে সেগুলি হল-
- সাধারণ সিটার বাসে থাকবে বড় ও আরামদায়ক আসন। আর স্লিপার বাসে থাকবে শুয়ে যাওয়ার জন্য প্রশস্ত জায়গা।
- এছাড়াও প্রত্যেক যাত্রীর জন্য আলাদা রিডিং লাইট থাকবে। বাসের ভিতরে সুন্দর পরিবেশ রাখতে থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থাও।
- বাসগুলির রং রাখা হয়েছে গেরুয়া ও সাদা। বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে বাসের গায়েও বিশেষ নকশা করা হয়েছে। সেখানে দেখা যাবে হাওড়া ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দিরের ছবি।
দামের দিক থেকেও এই বাসগুলি বেশ দামি। একেকটি এসি ভলভো স্লিপার বাস কিনতে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর সাধারণ ভলভো সিটার বাসের দাম প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা।
মহিলা যাত্রীদের বিনামূল্যে যাত্রা নিয়ে নতুন চিন্তা
তবে নতুন বাস চালানোর আগে একটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন পরিবহণ দপ্তরের কর্তারা। সেটি হল মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা। দূরপাল্লার বাসে অনেক সময় দেখা যায়, মহিলা যাত্রীরা অনলাইনে বিনামূল্যে আসন বুক করছেন। কিন্তু পরে আর বাসে উঠছেন না। ফলে আসন বুক করা থাকলেও সেগুলি ফাঁকাই থেকে যাচ্ছে। নতুন স্লিপার বাসের ক্ষেত্রেও এমন হলে সমস্যা হতে পারে। তাই এই বিষয়ে নতুন কোনও নিয়ম আনা হবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
অন্যদিকে, সরকারি স্লিপার বাস চালু হলে বেসরকারি বাসের ভাড়াও কিছুটা কমতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। কারণ, বেসরকারি বাসে যাত্রীদের অভিযোগ, চাহিদা বাড়লেই ফ্লেক্সি ফেয়ারের নামে টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি বাস চালু হলে যাত্রীদের হাতে আরেকটি বিকল্প থাকবে। ফলে বেসরকারি বাসগুলিও আর ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবে না বলেই মনে করা হচ্ছে (West Bengal Government)।












