বাংলা হান্ট ডেস্কঃ এবার থেকে যে কেউ চাইলেই ‘হোমস্টে’ শব্দ ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র রেজিস্টার্ড হোমস্টেগুলির কাছেই এই শব্দ ব্যবহারের অধিকার থাকবে। রেজিস্ট্রেশনের জন্য ইতিমধ্যেই হোমস্টে পোর্টাল (West Bengal Homestay Portal) চালু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সেখানে হোমস্টে মালিকরা সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন।
হোমস্টে রেজিস্ট্রেশনের পদ্ধতি | (West Bengal Homestay Portal)
বৃহস্পতিবার রাজ্যের হোমস্টে পোর্টালের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি জানান, বিশ্ব পর্যটনের ডিজিটাল অ্যাজেন্ডার সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই কারণে প্রযুক্তিভিত্তিক তথ্যভাণ্ডার গড়ে তোলায় জোর দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগে অত্যন্ত খুশি উত্তরের পর্যটন সংস্থাগুলি। কারণ দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবি জানাচ্ছিলেন। তাঁদের বক্তব্য, পর্যটকদের পরিষেবা দিতে কী কী জরুরি ও নিরাপত্তার জন্য কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় সেটা অনেকেই জানেন না। তাই অনলাইনে হোমস্টে পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর ওয়ার্কশপ অত্যন্ত জরুরি।
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের টাকা পেতে লাগতে পারে ভোটার কার্ড! বড় ইঙ্গিত মন্ত্রীর
এই বিষয়ে হেল্প ট্যুরিজমের মালিক রাজ বসু বলেন, “এটি ভীষণ জরুরি একটি পদক্ষেপ। হোমস্টেগুলিকে বিধিবদ্ধ করে প্রশিক্ষণের ব্যবস্থার দাবি আমরা অনেকদিন ধরে জানাচ্ছি। রাজ্য সরকার প্রথম পদক্ষেপ নিয়েছে। এরপর ধাপে ধাপে জেলা ধরে হোমস্টে কর্তৃপক্ষকে নিয়ে বসে প্রশিক্ষণের বন্দোবস্ত করতে হবে।“
এদিকে পর্যটন দফতর সূত্রে খবর, হোমস্টে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হলে হোমস্টে মালিকদের নিজেদের মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তার উপর ভিত্তি করে ওটিপি আসবে। সেটি দিয়ে লগ ইন করার পর যাবতীয় নথি আপলোড ও নিজের হোমস্টের সঠিক লোকেশন ম্যাপ করতে হবে।
দফতর সূত্রে জানা গিয়েছে, হোমস্টের লোকেশন ম্যাপ থাকায় যেসব পর্যটক সেখানে ঘুরতে আসবেন তাঁরা সহজেই সংশ্লিষ্ট হোমস্টের ঠিকানা, আশেপাশে কী কী রয়েছে ও সেটি রাজ্য সরকারের অনুমোদিত কিনা জানতে পারবেন। ফলে তাঁদের অনেকটা সুরাহা হবে।
বিগত কয়েক বছরে উত্তরবঙ্গের নানা প্রান্তে কয়েক হাজার হোমস্টে গড়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি রেজিস্টার্ড হলেও অধিকাংশই নয় বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী। সেগুলিকে চিহ্নিত করতেই রাজ্য সরকার হোমস্টে পোর্টাল চালু করেছে বলে জানিয়েছেন তিনি।












