বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই ডিএ, পে কমিশন সংক্রান্ত জট খুলতে পদক্ষেপ শুরু করেছে রাজ্য সরকার (Government Employees)। সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন (7th Pay Commission) দ্রুত লাগু করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই নয়া পে গঠনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে নতুন সরকার।
নয়া পে কমিশন সংক্রান্ত আপডেট | 7th Pay Commission
সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাছে কর্মী, পদ, পরিষেবা এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছে নয়া বেতন কমিশন। কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম নির্দেশিকা জারি করে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য দফতরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে। দ্রুত এগোচ্ছে নয়া পে কমিশনের কাজ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন। তবে শীঘ্রই অষ্টম পে কমিশন আসতে চলেছে তাদের জন্য। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন, সপ্তম পে কমিশন কবে চালু হচ্ছে তাদের জন্য? জানা গিয়েছে, সব ঠিক থাকলে জানুয়ারি থেকে লাগু হতে পারে সপ্তম পে কমিশন।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, ‘সিনিয়র আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে আমরা ক্ষমতা এসেই সপ্তম পে কমিশন তৈরি করে দিয়েছি। এবার চালু করার অপেক্ষা শুধু।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা দেশে বাংলা ছাড়া সব রাজ্যেই সপ্তম পে কমিশন চালু রয়েছে। টাকাও পেয়ে গিয়েছে সকলে। মোদিজির নেতৃত্বে কেন্দ্রে অষ্টম পে কমিশন তৈরি হয়েছে। যাতে এরিয়ার দিতে না হয়।’
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, ‘আমরা সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই, দ্রুত কার্যকর করব। এ নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। এমনকী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাৎ খুব শিগগিরই মিটিয়ে দেওয়া হবে।’ উল্লেখ্য, বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর ২০২৫। হিসেব মত ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা।












