বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি নতুন ইতিহাস গড়েছে নাসা। ৫৪ বছর পর ১০ দিনের মিশনে ফের চাঁদে মানুষ পাঠালো নাসা। কিন্তু সবার মনে খানিকটা কৌতূহল জাগে এই গোটা সময় শূন্যে ভেসে থাকতে থাকতে তারা কিরকম খাবার খেয়ে সেখানে দিন যাপন করছেন! মহাকাশে খাবারের তালিকা তৈরিতে নিরাপত্তাই এখন প্রধান বিবেচ্য বিষয়। সেই কারণেই আর্টেমিস ২ চন্দ্রাভিযানে (Artemis II Mission) মহাকাশচারীদের মেনু থেকে বাদ দেওয়া হয়েছে পাউরুটি। কারণ, মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে পাউরুটির গুঁড়ো ভেসে বেড়াতে পারে, যা যন্ত্রপাতির ক্ষতি বা শ্বাসনালীতে প্রবেশ করে বিপদের কারণ হতে পারে। এর বদলে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে মেক্সিকান টর্টিলা, যা সহজে গুঁড়ো হয় না এবং ব্যবহারেও সুবিধাজনক।
আর্টেমিস ২ মিশনে (Artemis II Mission) মহাকাশচারীদের মেনুতে কি কি খাবার রয়েছে?
এই অভিযানে কম্যান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং মিশন স্পেশালিস্ট ক্রিশ্চিনা কচ ও জেরেমি হানসেন নামে চার নভশ্চর অংশ নিয়েছেন। তাঁদের খাদ্যাভ্যাসেও রয়েছে কড়া নিয়ন্ত্রণ। বিশেষ করে কফি পান করার ক্ষেত্রেও সীমা নির্ধারণ করেছে NASA মাথাপিছু সর্বোচ্চ ৪৩ কাপ পর্যন্তই অনুমতি মিলবে এই দশ দিনের অভিযানে।
আরও পড়ুন: ১৯ টি মামলায় গ্রেফতার ৩৫ জন, উত্তপ্ত মোথাবাড়িতে অ্যাকশন মোডে NIA
নাসার তরফে জানানো হয়েছে, ওরিয়ন ক্যাপসুলে রাখা সমস্ত খাবারই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এমন ভাবেই তৈরি করা হয়েছে। এগুলি মূলত তিন ধরনের— ‘ফ্রিজ-ড্রায়েড’, যা পানীয় জল দিয়ে পুনরায় প্রস্তুত করা যায়; ‘থার্মোস্টেবিলাইজ়ড’, যা তাপ প্রয়োগে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব; এবং ‘রেডি-টু-ইট’, যা সরাসরি প্যাকেট থেকেই খাওয়া যায়। প্রতিটি নভোচারী আগেই স্বাদ পরীক্ষা করে নিজের পছন্দের মেনু নির্ধারণ করেছেন এবং তা কঠোর পুষ্টি নির্দেশিকা মেনেই তৈরি।
খাবারের তালিকাও যথেষ্ট বৈচিত্র্যময়। কফির পাশাপাশি গ্রিন টি, ম্যাঙ্গো-পিচ স্মুদি, বিভিন্ন ফ্লেভারের ব্রেকফাস্ট ড্রিঙ্ক, লেমনেড, অ্যাপল সাইডার ও পাইনঅ্যাপল ড্রিঙ্ক রাখা হয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সস, ম্যাপল সিরাপ, পিনাট ও আমন্ড বাটার, স্ট্রবেরি জ্যাম, মধু ও দারুচিনি। ফলের তালিকায় জায়গা পেয়েছে পাকা আমও। প্রধান খাবারে টর্টিলার পাশাপাশি গমের রুটি, সবজি, সসেজ, গ্রানোলা, কাজুবাদাম, বারবিকিউ বিফ ব্রিসকেট এবং ব্রকলি ও গ্রাটিনের মতো পদ রাখা হয়েছে।

আরও পড়ুন: সোনার দামে বড় ধাক্কা নাকি স্বস্তি? সপ্তাহান্তে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন
ডেজার্টের ক্ষেত্রেও কোনও খামতি রাখা হয়নি। মহাকাশচারীদের জন্য পুডিং, কেক, কুকিজ়, চকোলেট ও আমন্ড ক্যান্ডির মতো একাধিক বিকল্প রাখা হয়েছে। তবে কে কতটা খাবেন, তা নির্ধারণ করা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা, ওজন এবং পুষ্টির চাহিদার ভিত্তিতে। সব মিলিয়ে, এই বিশেষ খাদ্যতালিকা শুধু স্বাদ নয়, বরং মহাকাশের কঠিন পরিবেশে নিরাপত্তা ও স্বাস্থ্য বজায় রাখার দিকটিকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে (Artemis II Mission)।












