বাংলা হান্ট ডেস্কঃ ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন (Annapurna Yojana Verification) সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে জেলায় জেলায় জোরকদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন আধিকারিকরা। তাঁদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনই দেখতে চাওয়া হচ্ছে কয়েকটি নথি।
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের খুঁটিনাটি | (Annapurna Yojana Verification)
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের ৩ হাজার টাকা পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুনঃ নিউটাউনে আদানিদের হাসপাতালে দুঃস্থদের জন্য ৫০% বেড! সংখ্যাটা কত? জানালেন মুখ্যমন্ত্রী
এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় কী কী নথি দেখাতে হচ্ছে? জানা গিয়েছে, সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই সহ ফর্ম ফিল আপের সময় জমা দেওয়া সকল তথ্য মিলিয়ে দেখবেন। সেই সঙ্গেই আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে আবেদনকারীকে প্রশ্নও করা হতে পারে।
এর পাশাপাশি আবেদনকারী মহিলার আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকরা। এরপরের রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হবে, তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন।

এই ভেরিফিকেশনের বিষয়ে প্রশাসনের দাবি, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনও যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদনকারীদের স্টেটাসে ‘রিজেক্টেড’ কিংবা ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছিল, তাঁদের ক্ষেত্রেই এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল গত ৪ জুলাই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এরপরেই ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার সব ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যে অফলাইনের সব আবেদন ডিজিটাইজ করতেও বলা হয়েছে। সেই প্রক্রিয়াও সমানতালে চলছে।













