বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের সাহায্য করতে চালু হয়েছে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প (Yuvasathi Scheme)। এই প্রকল্পে যারা আবেদন করেছেন, তাদের অনেকেরই প্রশ্ন আবেদনের স্টেটাস কবে দেখা যাবে এবং কবে থেকে টাকা মিলবে। এবার সেই বিষয়েই নতুন আপডেট সামনে এসেছে। অফলাইনে যারা আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন দ্রুত অনলাইনে তোলার জন্য রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছে।
অফলাইন আবেদনগুলো অনলাইনে তোলা হচ্ছে (Yuvasathi Scheme)
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প এবং বিভিন্ন সরকারি দপ্তরে যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) জন্য আবেদন নেওয়া হয়েছিল। অনেকেই সেই সময় অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন। এবার সেই সব আবেদনপত্র অনলাইনে তোলার জন্য বা ডিজিটাল রেকর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।
কোথায় হবে এই কাজ?
- সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় এই ডেটা এন্ট্রির কাজ হবে।
- গ্রামীণ এলাকায় ব্লক অফিসে
- শহরের ক্ষেত্রে মহকুমা শাসকের (SDO) দপ্তরে
- আর কলকাতা পুরসভার এলাকায় নির্দিষ্ট বরো অফিস বা নির্দিষ্ট সেন্টারে
১৫ মার্চের মধ্যে শেষ করতে হবে কাজ
নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সব অফলাইন আবেদনপত্র পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কয়েকটি নথিও স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন—
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্কের পাশবই
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
এই সব নথি আপলোড করার পরেই আবেদন সম্পূর্ণ ধরা হবে।
কবে থেকে দেখা যাবে স্টেটাস?
অফলাইনে আবেদন করা অনেকেই জানতে চাইছেন কবে থেকে নিজেদের আবেদনের অবস্থা দেখা যাবে। সরকারি নোটিশে জানানো হয়েছে, ১৫ মার্চের মধ্যে ডেটা এন্ট্রির কাজ শেষ হওয়ার কথা। এরপর থেকেই আবেদনকারীরা অনলাইনে নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবেন। সব প্রক্রিয়া ঠিকভাবে শেষ হলে ১ এপ্রিল ২০২৬ থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের কাউন্টডাউন শুরু! কবে দিনক্ষণ? কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
এই প্রকল্পে ঠিক কারা সুবিধা পাবেন, তা স্পষ্ট করতে খুব শিগগিরই একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করবে রাজ্য সরকার। বিশেষ করে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্য কোনও ভাতা পাচ্ছেন, তারা যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করতে পারবেন কি না তা ওই গাইডলাইনেই পরিষ্কার করে জানানো হবে। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন যুবক-যুবতীদের এই প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।












