কেন ৪% DA দিতে দেরি করছে রাজ্য সরকার? অবশেষে জানা গেল

Published on:

Published on:

dearness allowance(79)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারী মাসে। ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করে বলা হয়েছিল বর্ধিত ভাতা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এপ্রিলের ২০ তারিখ হয়ে গেলেও এখনও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। বর্ধিত ভাতা কী কেবল ঘোষণাতেই? এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে কর্মীদের (Government Employees) মধ্যে। কেন এখনও বিজ্ঞপ্তি জারি করা হল না? এবার এই বিষয়ে বড় আপডেট সামনে আসল।

ডিএ নিয়ে টালবাহানা অব্যাহত | Dearness Allowance

সূত্রের খবর, কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দিতে অনুমতি চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে (সিইও)কে চিঠি দিয়েছে রাজ্য সরকার। বাজেটে ঘোষণার পরও ভোটের মাঝে ডিএ বাড়াতে কমিশনের কাছে অনুমতি চেয়েছে নবান্ন। তবে এখনও কমিশনের তরফে সবুজ সংকেত না-মেলায়, নয়া হারে ডিএ-র বিষয়টি কার্যকর করা যাচ্ছে না।

বাজেটে ঘোষণা হয়ে যাওয়ার পরও কেন ডিএ দিতে নতুন করে কমিশনের অনুমতি চাওয়া হচ্ছে, সেই নিয়েও চৰ্চা চলছে কর্মচারী আধিকারিকদের মধ্যে। সূত্রের খবর, ডিএ দিতে অনুমতি চেয়ে রাজ্যের মুখ্যসচিবের লেখা চিঠি দিল্লি পাঠানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচনি বিধিনিষেধ কার্যকর হওয়ার পর মুখ্যসচিব, থানার ওসি সহ আরও একাধিক বদল এনেছে কমিশন। এক্ষেত্রে ডিএ-র বিষয়েও মুখ্যমন্ত্রীকে একপ্রকার না জানিয়েই কমিশনের অনুমতি চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটের ঘোষণায় জানানো হয়েছিল, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। তবে এখনও সেই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি সামনে না আসায় আশঙ্কায় সরকারি কর্মচারীদের একাংশ।

dearness allowance(168)

আরও পড়ুন: বৈশাখ মাসের শুরুতে সোনার দামে স্বস্তি! হু হু করে কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের রেট

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে ঘোষিত আরও ৪ শতাংশ ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। শনিবার সোনারপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও চার শতাংশ ডিএ শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যেটা বাজেটে ঘোষণা করা হয়েছে।’তাহলে ডিএ দিতে সমস্যাটা কোথায়? কমিশনের অনুমোদনেই আটকে প্রক্রিয়া? প্রশ্ন কর্মচারী মহলে।