আমি ক্যাপ্টেন হলে এমনটা করতাম না! গম্ভীর-গিল জুটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি ম্যাচে নিউজিল্যান্ডকে বারবার বাগে পেয়েও দ্রুত উইকেট তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলাররা। এই বিষয়টি নিয়ে বারবার দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) দল গঠন সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার মহম্মদ সিরাজকে (Md. Siraj) ছাড়া দল নির্বাচনের বিষয়টি নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) মুখ খুলেছেন।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতোই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সিরাজকে ভারতীয় দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। কিন্তু প্রতি ফর্মাটেই আপাতত যেভাবে উপেক্ষিত হচ্ছেন এই তারকা ভারতীয় পেসার, সেই বিষয়টি নিয়ে এবার নিজের সুর গরম করেছেন প্রিন্স অফ কলকাতা। বিশেষ করে টেস্ট ক্রিকেটের মতো মঞ্চে তার অভিজ্ঞতা ছাড়া ভারতীয় দল কিভাবে মাঠে নামছে সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সৌরভ নিজের বক্তব্যে বলেছেন, “আমি আসলে ভোর ৩টায় ঘুম থেকে উঠেছিলাম এটা দেখতে যে দলে কারা আছে। আমি কয়েক ওভার খেলাও দেখতে চেয়েছিলাম। স্কোয়াডে সিরাজকে না দেখে আমি অবাক হয়েছি। বুমরার বয়স বাড়ছে, তাই সম্ভবত গম্ভীর তরুণ বোলারদের দেখে নিতে চাইছেন যাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যেতে পারে।”

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

এরপর এই প্রসঙ্গে একজন অধিনায়ক হিসেবে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়টি উল্লেখ করেছেন তিনি। সৌরভ সরাসরি বলেছেন, “তবে আমার মতে, এমন পরিস্থিতিতে একজন কোচের আসল পরীক্ষা হলো ম্যাচ জেতানো। আমি যদি অধিনায়ক হতাম, তবে সিরাজকে কখনোই বাদ দিতাম না।” সরাসরি ভারতের ম্যাচ না জেতার পেছনে গম্ভীরের হাত আছে, এমন অভিযোগ তুলে বিতর্ক আরও বাড়িয়েছেন সৌরভ।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

তৃতীয় দিনের খেলার শেষে ধ্রুব জুরেলের লড়াকু ৮৮ রানের ইনিংসে ভর করে সম্মানজনক ২০০ রানের গন্ডি পেরোতে পেরেছিল ভারত। তবে নিউজিল্যান্ড ১১০ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে আরও ১৩৩ রান যোগ করেছে কিউয়িরা। চতুর্থ দিনে দুর্দান্ত বোলিং বা ফিল্ডিং না করতে পারলে ভারতের জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রথম ইনিংসের মতো তৃতীয় ইনিংসের শুরুতেও পরপর উইকেট তুলতে ব্যর্থ হয়েছে ভারতের পেসাররা। তবে প্রথম ইনিংসের ব্যর্থতার ছবি বদলে উইকেট পেয়েছেন তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।