বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিনে শীতের অনুভূতি বাড়ছিল গোটা রাজ্যে। তাপমাত্রাও কমেছে হুড়মুড়িয়ে। তবে আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার পারদ চড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। উত্তুরে হাওয়ার পথে বাধা হতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য ঘূর্ণিঝড়। নতুন সপ্তাহে আবারও তাপমাত্রা পারদ চড়বে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
ডিসেম্বরের শুরুতেই ফের নতুন করে আবহাওয়ার পরিস্থিতি বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে সাগরে উত্তাল পরিস্থিতির সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। বৃষ্টি হবে না কলকাতাতেও। সবমিলিয়ে আগামীকাল সোমবার কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে ফের একবার বাড়তে পারে তাপমাত্রা। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা। এরপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের বদলাতে পারে পরিস্থিতি।
আরও পড়ুন: ব্যাটিং বা বোলিং নয়, এই কারণে ভারতের অবস্থা শোচনীয়! মত প্রাক্তন তারকা উইকেটরক্ষকের
বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চারদিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। আগামী সাতদিনে শুকনো আবহাওয়া বজায় থাকবে সর্বত্র। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তাপমাত্রা সপ্তাহের মাঝামাঝিতে কমতে শুরু করলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ অবধি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। ভোরের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও কোথাও তা ২০০ মিটারে নেমে আসছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও। ভরপুর শীতের আমেজ বজায় থাকবে।












