বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। বেতন, পেনশন ও ভাতা নিয়ে একাধিক দাবি উঠেছে। তার মধ্যেই নতুন করে সামনে এসেছে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’-এর দাবি। অর্থাৎ একই পদে, একই ধরনের কাজ করে অবসর নেওয়া কর্মীদের পেনশনে যেন খুব বেশি ফারাক না থাকে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বড় দাবি
২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) তৈরি করা হয়। সরকারি কর্মীদের বেতন, পেনশন এবং ভাতা নিয়ে পর্যালোচনা করে কেন্দ্রকে রিপোর্ট দেবে এই কমিশন। রিপোর্ট দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০২৭ সালের মে-জুন নাগাদ রিপোর্ট আসতে পারে।
ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠন ও পেনশনভোগীদের সংগঠন নিজেদের দাবি জানাচ্ছে। তাঁদের বক্তব্য, একই পদে এবং প্রায় একই সময় চাকরি করার পর অবসরের বছর আলাদা হওয়ার কারণে পেনশনে বড় ফারাক হওয়া ঠিক নয়। এই কারণেই সিভিলিয়ান কর্মীদের জন্য ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ চালুর দাবি উঠেছে।
বিষয়টি বোঝাতে একটি হিসাবও সামনে আনা হয়েছে। ২০১৬ সালে ৭ম বেতন কমিশনের সময় লেভেল-৬-এর কোনও কর্মী অবসর নিলে তাঁর বেসিক পেনশন যদি ২৪,৫০০ টাকা হয়, তাহলে ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা যোগ করে মাসে প্রায় ৩৮,৭১০ টাকা হতে পারে। আবার একই লেভেলের কোনও কর্মী ২০২৬ সালে অবসর নিলে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) পর তাঁর পেনশন অনেক বেশি হতে পারে। ফলে একই পদে কাজ করা দুই পেনশনভোগীর মধ্যে বড় পার্থক্য তৈরি হতে পারে।
এই সমস্যা কমাতেই পুরনো পেনশনভোগীদের জন্য ‘নোশনাল ফিক্সেশন’-এর দাবিও উঠেছে। এর অর্থ হল, নতুন বেতন কাঠামো ধরে পুরনো পেনশনভোগীদের পেনশনও নতুন করে হিসাব করা। তাহলে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুবিধা শুধু নতুন অবসরপ্রাপকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
এর পাশাপাশি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিও জানানো হয়েছে। ২০২৬ সালের আগে অবসর নেওয়া পেনশনভোগীদেরও নতুন সুবিধার আওতায় আনার দাবি রয়েছে। বর্তমানে ১০ বছর অন্তর বেতন ও পেনশন সংশোধন করা হয়। তার বদলে প্রতি পাঁচ বছর অন্তর সংশোধনের দাবিও জানানো হয়েছে।
৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর মানা হলে ২০২৬ সালে অবসর নেওয়া কোনও লেভেল-৬ কর্মীর পেনশন হিসাব অনুযায়ী প্রায় ৯৩,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু ২০১৬ সালে অবসর নেওয়া একই লেভেলের পেনশনভোগী পুরনো ব্যবস্থায় থাকলে তাঁর পেনশন অনেক কম হতে পারে। এখানেই পুরনো ও নতুন পেনশনভোগীদের মধ্যে ফারাক নিয়ে প্রশ্ন উঠছে।
তবে এখনই বলা যাচ্ছে না যে সিভিলিয়ান কর্মীরা ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ পাবেন। এখনও এ বিষয়ে কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বর্তমানে কর্মী ও পেনশনভোগীদের দাবি হিসেবেই রয়েছে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কী সুপারিশ করে এবং কেন্দ্রীয় সরকার পরে কী সিদ্ধান্ত নেয়, তার উপরই পুরো বিষয়টি নির্ভর করবে।

আরও পড়ুনঃ ‘পুলিশ চুপ কেন?’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এবার রাষ্ট্রপতি-রাজ্যপালের কাছে কালীঘাট তৃণমূল
চণ্ডীগড়ে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর এবং বেঙ্গালুরুতে ৭ থেকে ৮ অক্টোবরের বৈঠকেও পেনশন সংক্রান্ত দাবিগুলি নিয়ে আলোচনা হতে পারে। ফলে ৮ম বেতন কমিশনের (8th Pay Commission) পর পুরনো ও নতুন পেনশনভোগীদের মধ্যে পেনশনের ফারাক কতটা কমে, এখন সেদিকেই নজর।













