বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বাজেটের (Budget 2026) আগে দেশের মধ্যবিত্ত ও বেতনভোগীদের মনে একটাই প্রশ্ন, এইবারও কি আয়কর-ছাড়ে কিছু ভালো খবর আসবে? গত বছরের বাজেটে মোদী সরকার মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করেছিলেন। এবারও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট উপস্থাপন করবেন, তার দিকে লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছেন। বিশেষ করে যারা পুরনো কর নিয়মে আছেন, নতুন নিয়ম তাদের জন্য কতটা সুবিধা দেবে সেটাই জানার অপেক্ষায় তাঁরা।
গত বছর বাজেটে কী ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী?
গত বছর অর্থাৎ ২০২৫-এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, বার্ষিক আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। অর্থাৎ, মাসে এক লাখ টাকা পর্যন্ত আয় থাকলে কোনো কর দিতে হয়নি। এর পাশাপাশি ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকায়, প্রকৃত করমুক্ত আয়ের সীমা ১২.৭৫ লক্ষ টাকা হয়ে যায়। এর ফলে মধ্যবিত্তদের হাতে খরচের জন্য আরও টাকা আসে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে এবং অর্থনীতি চাঙ্গা হয়।
তবুও অনেক মানুষ এখনও পুরনো কর কাঠামোতে আছেন। যার কারণ, যাদের গৃহঋণ, বীমা পলিসি বা দীর্ঘমেয়াদী সঞ্চয় আছে, তারা সেই নথি দেখিয়ে পুরনো নিয়মে কর ছাড় পাচ্ছেন।
২০২৫ এর কর কাঠামো কেমন ছিল?
- বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর নেই।
- ৪–৮ লক্ষ টাকা আয়ে ৫% কর
- ৮–১২ লক্ষ টাকা আয়ে ১০% কর
- ১২–১৬ লক্ষ টাকা আয়ে ১৫% কর
- ১৬–২০ লক্ষ টাকা আয়ে ২০% কর
- ২০–২৪ লক্ষ টাকা আয়ে ২৫% কর
- ২৪ লক্ষ টাকা ও তার উপরে ৩০% কর।
২০২৬-এর বাজেট (Budget 2026) কাঠামো নিয়ে মানুষের প্রত্যাশা
২০২৬ সালের বাজেটের (Budget 2026) ক্ষেত্রে মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের প্রত্যাশা অনেক বড়। বিশেষ করে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্তির সীমা এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। কিছু সূত্র বলছে, বেতনভোগী কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হলে, সব আয়ের মানুষের জন্য সুবিধা হবে। কারণ যখন কেউ পারিবারিক বাজেট সামলাতে হিমশিম খায়, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোই সবচেয়ে সহজ এবং সরাসরি স্বস্তি দিতে পারে।

আরও পড়ুনঃ PF তোলা এখন আরও সহজ, UPI পিন দিলেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, এল নতুন নিয়ম
এছাড়া, করমুক্ত আয়ের সীমা, যা গত বাজেটে ১২ লক্ষ টাকা ছিল, নতুন বাজেটে তা বাড়ানো হবে কিনা, সেটাও নজরের বিষয়। মোদি সরকারের বাজেট ২০২৬ (Budget 2026) এবার কতটা চমক আনবে, সেটাই এখন দেশের করদাতাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন।













