বাংলাহান্ট ডেস্ক : গত বৃহস্পতিবার ছিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এবার ঐতিহাসিক ভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে রাজ্যে। তবে একটি ঘটনা জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে বুথের ভেতরেই মৃত্যু হয় এক বৃদ্ধের। এবার এই ঘটনার ভিডিও প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। বলা হয়েছে, হাওড়ার ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কারোর সঙ্গেই কোনও দুর্ব্যবহার করেননি। ওই বৃদ্ধ ভোটার নিজের শারীরিক অসুস্থতার কারণেই মারা গিয়েছেন।
বৃদ্ধের মৃত্যু নিয়ে ভিডিও ফুটেজ প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)
বুথের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ শেয়ার করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকছেন ওই বৃদ্ধ। তবে আঙুলে কালি লাগানোর পর ইভিএমের দিকে তিনি একাই এগিয়ে যান। তবে সেখানে তিনি কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখে তাঁর পুত্র এগিয়ে যান। কীভাবে বোতাম টিপে ভোট দিতে হবে তা দেখিয়ে দিয়ে তিনি সরে আসেন। এর কিছুক্ষণ পরেই ইভিএমের কাছে পড়ে যান বৃদ্ধ। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরাধরি করে বাইরে নিয়ে যাওয়া হয়।

কী বিবৃতি কমিশনের: ভিডিওটি শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যকে ‘ভুল’ বলে দাগিয়ে দিয়েছে কমিশন। সেই সঙ্গে বিবৃতিতে লেখা হয়েছে, হাওড়ার বছর ৮২ এর পূর্ণচন্দ্র দলুই ২৪৫ নম্বর বুথে পুত্রের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। তাঁকে সাহায্যের জন্য বুথের ভেতরে ছেলেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ভোট দেওয়ার পর ইভিএমের সামনেই তিনি পড়ে যান। গরমে অসুস্থ বোধ করছিলেন তিনি। তাঁকে আমতা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : খাস মুখ্যমন্ত্রীর পাশের বাড়িতে পাবদা মাছের আমন্ত্রণ শুভেন্দুর! হাওয়া ঘুরছে ভবানীপুরে?
অভিষেকের তথ্য ভুল: বিবৃতিতে (Election Commission) আরও বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কারোর সঙ্গে দুর্ব্যবহার করেনি বা কাউকে ধাক্কা দেয়নি। রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের জন্য তাঁরা নিরলস পরিশ্রম করছেন। এর জন্য তাঁদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রাপ্য। ভোটাধিকার প্রয়োগ করার পর বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রাজনীতি হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।
আরও পড়ুন : ফলতা নিয়ে এখনও ধোঁয়াশা, দুই কেন্দ্রের ১৫ টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের
প্রসঙ্গত, ঘটনার দিন বৃদ্ধের মৃতদেহের ছবি পোস্ট করে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছিলেন বৃদ্ধের পুত্রও। তবে এবার সেই অভিযোগ উড়িয়ে ভিডিও ফুটেজ এবং বিবৃতি প্রকাশ করল কমিশন।













