বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কলকাতা পুরসভার পাঠানো নোটিস ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই সময় আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সেভেন ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সায়নী ঘোষের নামও রয়েছে। কিন্তু কে এই সায়নী ঘোষ? এই সংক্রান্ত নথি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা।
অভিষেকের (Abhishek Banerjee) ফ্লাটের যৌথ মালিকানায় কোন সায়নী?
সম্প্রতি এক সূত্র মারফত পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা যায়, কলকাতার ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটের নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং সায়নী ঘোষের নাম যৌথ মালিক হিসেবে উল্লেখ রয়েছে। কলকাতা পুরসভার তথ্যের ভিত্তিতেই এই দাবি করা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়াতেও ওই নথির ছবি ভাইরাল হয়ে পড়েছে।
এই বিতর্কের মাঝেই সামনে এসেছে কলকাতা পুরসভার পাঠানো নোটিসের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তাঁর সম্পত্তির নির্মাণ সংক্রান্ত কিছু নথি জমা দেওয়ার জন্য ডাকা হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগের ৪০১ ধারায় পাঠানো ওই নোটিসে জানতে চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণগুলি অনুমোদিত পরিকল্পনা মেনে তৈরি হয়েছে কি না এবং অতিরিক্ত নির্মাণ থাকলে তা নিয়ম মেনে বৈধ করা হয়েছিল কি না।
জানা গিয়েছে, শুধু সেভেন ট্যাঙ্ক রোডের ফ্ল্যাট নয়, হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি এবং কালীঘাট মোড়ের একটি বহুতল নিয়েও নোটিস পাঠানো হয়েছে। এছাড়াও অভিষেকের (Abhishek Banerjee) আরও প্রায় ১৫টি সম্পত্তিতে একই ধরনের নোটিস গিয়েছে বলে খবর।
সম্প্রতি ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার কিছুদিনের মধ্যেই পুরসভার এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। যদিও কলকাতা পুরসভা তৃণমূল পরিচালিত এবং বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট চালু, কিন্তু আবেদন শুরু কবে? জানুন বিস্তারিত
এদিকে মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের নবনির্বাচিত ও বিদায়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক (Abhishek Banerjee)। দলীয় বৈঠকে তিনি স্পষ্ট জানান, নোটিস পাঠিয়ে বা বাড়ি ভাঙার ভয় দেখিয়ে তাঁকে চাপে ফেলা যাবে না।













