বাংলাহান্ট ডেস্ক: মাত্র ৯৯ টাকা বিনিয়োগ করে শুরু হওয়া একটি ছোট উদ্যোগ আজ কয়েক কোটি টাকার সংস্থায় পরিণত হয়েছে। এই অনুপ্রেরণামূলক সাফল্যের গল্পের (Success Story) নায়ক উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা অতুল্য কৌশিক এবং তাঁর দুই বন্ধু মনীশ আগরওয়াল ও আশায় মিশ্র। ২০১৯ সালে তাঁরা যৌথভাবে ‘প্রেপইনস্টা’ নামে একটি এডটেক স্টার্টআপ প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আইটি সংস্থায় চাকরির জন্য প্রস্তুত করা। বর্তমানে এই সংস্থা ২০০-রও বেশি কোর্স পরিচালনা করে এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর কর্মজীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কয়েক বছরের মধ্যেই তাদের সংস্থার টার্নওভার পৌঁছেছে ৮ কোটি টাকায়।
চমকে দেবে মীরাটের ৩ বন্ধুর সাফল্যের কাহিনি (Success Story):
মহারাষ্ট্র টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অতুল্য কৌশিক মিরাটের দয়াবতী মোদী একাডেমি থেকে পড়াশোনা শেষ করে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (ভিআইটি) থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি গুগল পে-তে টেকনিক্যাল লিড হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে বেঙ্গালুরুর ফিনটেক স্টার্টআপ ইন্সটামোজো-তে কাজ করেন। সেখানেই তিনি উপলব্ধি করেন যে বহু শিক্ষার্থী চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সঠিক প্রস্তুতির অভাবে পিছিয়ে পড়ছে। এই সমস্যার সমাধান খুঁজতেই তিনি ‘mygeekmonkey.com’ নামে একটি ওয়েবসাইট চালু করেন, যেখানে মাত্র ৯৯ টাকায় চাকরি সংক্রান্ত পিডিএফ বিক্রি করা হতো (Success Story)।
আরও পড়ুন: অবশেষে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নতুন চাপে অভিষেক ঘনিষ্ঠ
এই উদ্যোগের প্রথম দিনেই অতুল্যা ২৯৯ টাকা আয় করেন। কিন্তু মাত্র ৯ মাসের মধ্যেই সেই আয় বেড়ে দাঁড়ায় ৪৫ লক্ষ টাকায়। এই অভাবনীয় সাফল্য তাঁকে স্থায়ী চাকরি ছেড়ে পূর্ণ সময়ের উদ্যোক্তা হতে উৎসাহ দেয়। এরপর তিনি তাঁর দুই বন্ধু মনীশ ও আশায়ের সঙ্গে হাত মিলিয়ে ‘mygeekmonkey.com’-এর নাম পরিবর্তন করে ‘PrepInsta’ রাখেন। মাত্র ৯৯ টাকায় একটি নতুন ডোমেইন কিনে নয়ডার একটি ছোট অফিস থেকে যাত্রা শুরু হয় এই স্টার্টআপের। সীমিত মূলধন এবং দক্ষ কর্মী নিয়োগের সমস্যা থাকা সত্ত্বেও তাঁরা নিজেদের লক্ষ্য থেকে সরে আসেননি।
প্রেপইনস্টার সাফল্যের অন্যতম কারণ ছিল তাদের অভিনব ব্যবসায়িক মডেল। শিক্ষার্থীদের জন্য ১ থেকে ২ মাসের বিনামূল্যে ট্রায়াল চালু করা হয়, যাতে তারা পরিষেবার মান যাচাই করতে পারে। এরপর ‘প্রেপইনস্টা প্রাইম’ প্যাকেজের মাধ্যমে ২০০-রও বেশি কোর্সের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি চাকরির জন্য প্রস্তুত শিক্ষার্থীদের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত করে কমিশনভিত্তিক আয়ের ব্যবস্থা করা হয়। কলেজগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়, যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই কৌশলই সংস্থার দ্রুত বৃদ্ধির পথ সুগম করেছে।

প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মধ্যে প্রেপইনস্টা ৮ কোটি টাকার ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। প্রতি মাসে ২০ লক্ষেরও বেশি মানুষ তাদের ওয়েবসাইট ব্যবহার করেন এবং ৭৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী তাদের বিনামূল্যের কনটেন্ট থেকে উপকৃত হয়েছেন। ইতিমধ্যে ৩ লক্ষের বেশি শিক্ষার্থী এই প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেছেন। তাদের মধ্যে বহু শিক্ষার্থী টিসিএস, অ্যামাজন ও ডেলয়েটের মতো সংস্থায় চাকরি পেয়েছেন, যেখানে সর্বোচ্চ বেতন প্যাকেজ পৌঁছেছে ১.০৩ কোটি টাকায়। অতুল্যা কৌশিকের মতে, একটি ভালো ধারণা, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে সামান্য বিনিয়োগ থেকেও বড় সাফল্য (Success Story) অর্জন করা সম্ভব।

















