বাংলাহান্ট ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন ষষ্ঠ পে কমিশনের আওতায় এবার থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পয়লা অক্টোবর থেকে নতুন হারে ডিএ-র ঘোষণা অর্থমন্ত্রীর।
ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে | Dearness Allowance
ডিএ বৃদ্ধির ঘোষণার পর এবার কেন্দ্র-রাজ্য ফারাক দাঁড়াল মাত্র ২২ শতাংশ। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা পাচ্ছেন যষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ। ৪২% ডিএ বকেয়া ছিল। এবার সেই ব্যবধান কমল তবে তা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হয়নি। কেন্দ্রের কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৬০ শতাংশ হারে ডিএ পান।
এদিন বাজেট নথিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ, মোট মহার্ঘ ভাতার হার হবে ৩৮ শতাংশ।”
অর্থমন্ত্রী আরও বলেন, “পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।’’ উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

আরও পড়ুন: জ্বালানি সঙ্কটের আবহেই কাতারের LNG প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর যখন কমপক্ষে ৫৪, নিখোঁজ ১৮
তিনি বলেছিলেন, “এবার কর্মচারী, শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি।” সেই মতো এদিন ডিএ বৃদ্ধির ঘোষণা নয়া সরকারের।

















