বাংলা হান্ট ডেস্কঃ এক বুক আশা নিয়ে বাজেটের (West Bengal Budget 2026) অপেক্ষায় ছিল রাজ্যবাসী। একের পর এক জনমুখী ঘোষণার মাধ্যমে তাঁদের সেই আশা পূরণ করল রাজ্য সরকার (Government of West Bengal)। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সব ক্ষেত্রে আলাদা করে নজর দেওয়া হয়েছে। তাতে চওড়া হয়েছে রাজ্যবাসীর মুখের হাসি।
স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর | (West Bengal Budget 2026)
ছাব্বিশের বিধানসভা ভোটে পালাবদলের সাক্ষী থেকেছে বাংলা। সোমবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে একাধিক ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয়, এবার ভিনরাজ্যে চিকিৎসা করাতে গেলেও সুবিধা মিলবে।
আরও পড়ুনঃ আশাকর্মীদের লটারি! একধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার
প্রত্যেক বছর বাংলার বহু মানুষ চিকিৎসার জন্য ভেলোর কিংবা মুম্বই যান। সেখানে চিকিৎসার পাশাপাশি থাকা-খাওয়ার জন্যেও মোটা টাকা খরচ হয় তাঁদের। এবার পাশে দাঁড়াতে এগিয়ে এল সরকার। এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন, ভেলোর কিংবা মুম্বইয়ে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার বন্দোবস্ত করবে সরকার।
একইসঙ্গে অর্থমন্ত্রী জানান, রাজ্যের নানা প্রান্তে একাধিক হাসপাতাল তৈরি করা হবে। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, ক্যানসার হাসপাতাল। পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ারে নতুন মেডিক্যাল কলেজ চালু হবে। সৈকত শহর দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার।

স্বাস্থ্যক্ষেত্রে আমূল বদলের পাশাপাশি এবারের বাজেটে নারী ক্ষমতায়নেও বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা ও ৬টি পুষ্টি কিট দেওয়া হবে। সেই সঙ্গেই উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে আনা হচ্ছে নতুন স্কিম। এর মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীরা এককালীন ৫০ হাজার টাকা করে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, চাকরি সহ সব খাতে বিশেষ জোর দিয়ে এবারের বাজেটে যা যা ঘোষণা করা হয়েছে তাতে খুশি অনেকে।

















