বাংলা হান্ট ডেস্ক : সরকারি রেশনের (Ration) উপর নির্ভরশীল কোটি কোটি পরিবারের জন্য সামনে আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে খাদ্যশস্য বণ্টনের বর্তমান নিয়মে বদল আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নতুন প্রস্তাব কার্যকর হলে একাংশের প্রাপ্য রেশনের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
রেশন (Ration) নিয়ে অনিশ্চয়তা
বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রতি মাসে নির্দিষ্টভাবে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা প্রায়োরিটি হাউসহোল্ড শ্রেণির কার্ডধারীরা পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পান।এবার এই ব্যবস্থাতেই বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পরিবারভিত্তিক নির্দিষ্ট বরাদ্দের পরিবর্তে সদস্যসংখ্যার ভিত্তিতে খাদ্যশস্য দেওয়া হতে পারে। সেই হিসেবে প্রত্যেক সদস্যের জন্য মাসে ৭ কেজি করে শস্য বরাদ্দের কথা ভেবেছে।
তবে এই নতুন নিয়মের সঙ্গে একটি সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। কোনও পরিবারে দুজন সদস্য থাকলে তারা মোট ১৪ কেজি খাদ্যশস্য পাবেন। চার সদস্যের পরিবার পাবে ২৮ কেজি। পাঁচ সদস্য থাকলে বরাদ্দ হবে ৩৫ কেজি। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা পাঁচের বেশি হলেও ৩৫ কেজির বেশি খাদ্যশস্য দেওয়া হবে না। ফলে যেসব পরিবারে সদস্য সংখ্যা বেশি, তাদের ক্ষেত্রে বর্তমান ব্যবস্থার তুলনায় প্রাপ্য রেশন কমে যেতে পারে।

আরও পড়ুন : ২১ জুলাই পালনে আপত্তি নেই, কিন্তু… বড় শর্তের কথা জানালেন অগ্নিমিত্রা
এই পরিবর্তনের জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৩-এ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে খাদ্য ও গণবণ্টন দফতর। ইতিমধ্যেই সেই খসড়া জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সাধারণ মানুষের মতামতও আহ্বান করেছে। আগামী ১৩ জুলাই পর্যন্ত এই সংশোধনী নিয়ে নাগরিকরা নিজেদের মতামত জানাতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রস্তাবটি অনুমোদন পেলে দেশের রেশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তাই কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর উপভোক্তাদের।













