বাংলা হান্ট ডেস্কঃ দেশের অন্যান্য অনেক রাজ্যে আগেই চালু হয়েছিল। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এখানেও আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ পরিবার এই সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা পাবে। আপনিও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কিনা তা ঘরে বসে কয়েক মিনিটে যাচাই করে নিতে পারেন।
আয়ুষ্মান ভারত যোজনার খুঁটিনাটি | (Ayushman Bharat Yojana)
এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বাংলার যোগ্য পরিবারগুলিকে বার্ষিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের অধীন থাকা দেশের যে কোনও সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা করাতে পারবেন। তবে এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ হলেই যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।
আরও পড়ুনঃ PF সহ এই সুবিধা দিতেই হবে! সুইগি-জোম্যাটো কর্মীদের নিয়ে বিরাট নির্দেশ মন্ত্রী অর্জুনের
জানা গিয়েছে, আবেদনকারী আদৌ আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা ফর্ম ফিল আপের পর যাচাই করা হবে। তবে আপনি চাইলে ঘরে বসেই যোগ্যতা যাচাই করতে পারেন। এর জন্য সময় লাগতে পারে কয়েক মিনিট।
আয়ুষ্মান ভারত যোজনার যোগ্যতা যাচাই পদ্ধতি
যোগ্যতা যাচাই করতে হলে প্রথমে আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টালে (https://pmjay.gov.in) যেতে হবে। পোর্টাল খুললে স্ক্রিনের উপর ডানদিকে দেখা যাবে ‘আমি কি যোগ্য’ লেখা একটি অপশন। সেখানে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর সেই নম্বরে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।

এরপর প্রকল্পের নাম, নিজের রাজ্য ও জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম কিংবা রেশন কার্ড নম্বর দিতে হবে। ভেরিফিকেশন আধার নম্বর দিয়েই হবে। এরপর ক্যাপচা কোড টাইপ করে সাবমিট করতে হবে। তাহলেই জানা যাবে আপনি এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য কিনা। যোগ্য হলে স্ক্রিনে আপনার নাম ও পরিবারের যোগ্য সদস্যদের বিবরণ দেখা যাবে।
বর্তমানে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনায় আবেদনের কাজ চলছে। পুরসভা স্তরে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র দিয়ে আসছেন। এছাড়া জনকল্যাণ শিবিরেও এই প্রকল্পে ২২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।













