বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জুলাই মাসের ৩ হাজার টাকার কিস্তি বুধবার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু বোলপুরের বহু মহিলার অভিযোগ, তাঁরা আবেদন করার পরও এখনও সেই টাকা পাননি। বিশেষ করে যাঁরা অফলাইনে ফর্ম জমা করেছিলেন, তাঁদের অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভ ছড়িয়েছে। এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার বোলপুর পৌরসভায় বিক্ষোভ দেখান একদল মহিলা।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে ক্ষোভ
বিক্ষোভকারীদের দাবি, জুন মাসের প্রথম দিকেই তাঁরা বোলপুর পৌরসভায় গিয়ে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু এতদিন কেটে যাওয়ার পরও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকার অনুদান ঢোকেনি। তাঁদের অভিযোগ, যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের অনেকেই টাকা পেয়েছেন। কিন্তু অফলাইনে আবেদন করা বহু মানুষের নাম এখনও সরকারি পোর্টালে তোলা হয়নি। ফলে তাঁদের আবেদন প্রক্রিয়াই সম্পূর্ণ হয়নি বলে দাবি করছেন তাঁরা।
এক মহিলা আবেদনকারী বলেন, সরকার বুধবার বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। কিন্তু পৌরসভায় অফলাইনে আবেদন জমা দেওয়া অনেকেই সেই টাকা পাননি। তাঁর অভিযোগ, আবেদনপত্র জমা পড়ার পরও সেগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং সময়মতো পোর্টালে আপলোড করা হয়নি।
আরও এক আবেদনকারী জানান, তিনি ৪ জুন ফর্ম জমা করেছিলেন। তাঁর দাবি, ওই সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের অনেকেই এখনও টাকা পাননি। অথচ পরে আবেদন করা কিছু মানুষ ইতিমধ্যেই অনুদান পেয়ে গিয়েছেন। তাঁর কথায়, গরিব মানুষের কাছে এই টাকা (Annapurna Yojana) খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই টাকার উপর নির্ভর করে ওষুধ ও সংসারের প্রয়োজনীয় খরচ চালান।
বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, অফলাইনে জমা পড়া আবেদনপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠাতে গাফিলতি করা হয়েছে। এর জেরেই বহু আবেদনকারী এখনও অনুদান পাননি বলে তাঁদের দাবি।

আরও পড়ুনঃ PF-এর নিয়মে বড় বদল! এবার মাসে ন্যূনতম কত টাকা জমা করতেই হবে জানাল EPFO
এই ঘটনাকে ঘিরে পৌরসভা চত্বরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অনুদানের (Annapurna Yojana) টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগ নিয়ে এখনও পৌরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।













