বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা আবেদন করেছেন, তাঁদের সুবিধার জন্য বিডিও অফিসে হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আবেদনের বর্তমান অবস্থা জানার ব্যবস্থাও করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে কী সিদ্ধান্ত নিল সরকার?
বুধবার নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের একটি বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, সরকারি চাকরি করেন বা সরকারি কোনও কাজের জন্য নিয়মিত সাম্মানিক পান, এমন ব্যক্তিরা আপাতত অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পাবেন না। ফলে আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং প্যারাটিচাররা এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় থাকছেন না। তবে ভবিষ্যতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এছাড়া সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতাদের পরিবারের সদস্যদেরও এই প্রকল্পে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের মতে, আগে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের এই সুবিধা দেওয়া দরকার। অনেকেই অফলাইনে আবেদন জমা দিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই এখনও জানতে পারছেন না যে আবেদনটি কোন অবস্থায় রয়েছে। তাই এনআইসি-কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদনের স্টেটাস দেখতে পারেন।
সরকার চাইছে যত দ্রুত সম্ভব সব অফলাইন আবেদন পোর্টালে তোলা হোক। সেই কারণে কর্মীও বাড়ানো হচ্ছে। লক্ষ্য রাখা হয়েছে, শুক্রবারের মধ্যেই সব অফলাইন আবেদন ডিজিটাল মাধ্যমে আপলোড করা হবে। এদিকে আবেদনকারীদের সুবিধার জন্য প্রতিটি বিডিও অফিসে একটি করে হেল্প ডেস্ক খোলা হবে। সেখানে গিয়ে আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে এবং প্রয়োজন হলে সাহায্যও পাওয়া যাবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রেও কিছু সমস্যা ধরা পড়েছে। তাই বিডিও এবং এসডিওদের ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টাকা আটকে গেলে বা পেমেন্টে সমস্যা হলে তার কারণও আবেদনকারীদের জানানো হবে।

আরও পড়ুনঃ মহিলাদের দ্রুত সাহায্য দিতে প্রস্তুত পুলিশ, কীভাবে কাজ করবে Women Help Desk?
সরকারের লক্ষ্য, যত দ্রুত সম্ভব সব আবেদন যাচাই করে অনুমোদন দেওয়া। যাতে জুলাই মাসের ভাতার টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ইতিমধ্যেই জুলাই মাসের শুরুতে ১ কোটি ৯ লক্ষ মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাঠানো হয়েছে।

















