বাংলা হান্ট ডেস্কঃ আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে আর্থিক জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উচ্চ আদালতের বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
কুণালকে কত টাকার জরিমানা করা হল? | (Kunal Ghosh)
গত বছর এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিকের অতিরিক্ত শূন্যপদে (সুপারনিউমেরারি) নিয়োগ ঘিরে বিক্ষোভের জেরে হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই সংক্রান্ত মামলাতেই কুণালকে আর্থিক জরিমানা করেছে উচ্চ আদালত। তৃণমূল বিধায়ককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোষী সাব্যস্ত বাকি ৭ জন চাকরিপ্রার্থীকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
আরও পড়ুনঃ ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশ! কবে কোন পরীক্ষা? জানাল পর্ষদ
উচ্চ মাধ্যমিকের অতিরিক্ত শূন্যপদে ১২৮০ জন প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা। তাঁদের অভিযোগ ছিল, আদালতে মামলা হওয়ায় জটিলতার জেরে তাঁদের নিয়োগ আটকে রয়েছে। এরপর গত বছর ২৫ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ কোনও নির্দেশ না দেওয়ায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জুনিয়রদের ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে রাখা হয়। পরবর্তীতে বর্ষীয়ান আইনজীবী হাইকোর্ট চত্বরে হাজির হলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। এমনকি বিচারপতি বসুর ছবি মাড়ানো, থুতু ছেটানোর মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ।

এই ঘটনার পর হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তৈরি করা হয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ। আদালতে অভিযোগ উঠেছিল, কুণালের উস্কানিতেই গত বছর এপ্রিল মাসে উচ্চ আদালতে ওই ঘটনা ঘটান চাকরিপ্রার্থীদের একাংশ। এর আগে পরে সংবাদমাধ্যমে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্যও করেছিলেন তিনি। পুলিশ কমিশনার এই ঘটনায় আদালতে রিপোর্ট জমা দিয়েছিলেন।
এবার আদালত অবমাননার অভিযোগে কুণালকে দোষী সাব্যস্ত করল হাইকোর্ট। তাঁর পাশাপাশি ৭ জন চাকরিপ্রার্থীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। সকলকে আর্থিক জরিমানা করেছে আদালত।













