বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান যোজনার (Ayushman Bharat Yojana) আওতায় দেশজুড়ে সুবিধা করছেন অগণিত দেশবাসী। এবার এই স্বাস্থ্য কার্ড নিয়ে এসে গেল বড় আপডেট। জানা যাচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আয়ুষ্মান ভারত যোজনার আওতায় উপলব্ধ বিমার টাকা বাড়ানোর সুপারিশ করেছে।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য জন-যোজনা প্রকল্পের আওতায় দেশ জুড়ে একাধিক রাজ্যের মানুষ প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার বীমা কভারেজ পেয়ে থাকেন। তবে এবার এক লাফে এই প্রকল্পের টাকা আরো পাঁচ লক্ষ বাড়িয়ে মোট ১০ লক্ষ করা হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই বীমার অর্থ বৃদ্ধি করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি। বর্তমানে, এটি কমিটির ১৭২তম প্রতিবেদনে উল্লেখিত একটি আনুষ্ঠানিক সুপারিশ মাত্র। তাই কেন্দ্রীয় সরকারের সিলমোহর না পর্যন্ত এই কার্ডের পুরোনো নিয়ম-রীতিই বহাল থাকবে।
আরও পড়ুনঃ ‘সব কংক্রিটের জঙ্গল হয়ে গেছে’, অরণ্য সপ্তাহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
উল্লেখ্য আমাদের দেশে এমন অনেকেই রয়েছেন যাঁদের কাছে আয়ুষ্মান যোজনার কার্ড থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ চিকিৎসা খরচ বহন করতে শেষ পর্যন্ত গাঁটির টাকাই খরচ হয়। আসলে বর্তমান উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে কিংবা হাসপাতালে দীর্ঘকাল ভর্তি থাকার কারণে গুরুতর অসুখের ক্ষেত্রে চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে।
তাই সারাবছরে ৫ লক্ষ টাকার বীমা সুরক্ষা যথেষ্ট নয় বলে মনে করছে কমিটি। এই কারণেই আয়ুষ্মান যোজনার আওতায় বীমা কভারেজ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে। এরফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলোও সহজেই জটিল অস্ত্রোপচার করতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী এমন অনেক জরুরী স্বাস্থ্য পরিষেবা রয়েছে যার খরচ সীমিত বীমা পরিষবার তুলনায় অনেক বেশি। তবে আগামী দিনে এই বীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত করা হলে লিভার ট্রান্সপ্লান্টেশন, জটিল হৃদরোগের অস্ত্রোপচার এবং ইমিউনোথেরাপির মতো জটিল চিকিৎসার খরচ সামলাতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।













