বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১ জুলাইকে ঘিরে কলকাতায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একই দিনে শহরের তিন জায়গায় বড় রাজনৈতিক কর্মসূচি থাকায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। এর মধ্যেই মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে দিনভর পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
২১ জুলাই সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের (Kolkata Police)
মঙ্গলবার কলকাতার ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড এবং শহিদ মিনার চত্বরে তিনটি বড় রাজনৈতিক সমাবেশ রয়েছে। কালীঘাট শিবিরের সভা হবে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে। মেয়ো রোডে রয়েছে বিদ্রোহী তৃণমূলের কর্মসূচি। অন্যদিকে শহিদ মিনারে সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় এক হাজার পুলিশকর্মী (Kolkata Police) মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পাঁচ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। র্যাফ, এইচআরএফএস এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সভার প্রস্তুতি দেখতে ক্যাথিড্রাল রোডে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা অভিযোগ করেন, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি তাঁকে দেওয়া হয়নি। তাঁর দাবি, অন্য রাজনৈতিক দল সভার অনুমতি পেলেও তাঁকে দেওয়া হয়নি।
মমতা আরও অভিযোগ করেন, বিদ্রোহী শিবিরের সভায় ভিড় বাড়ানোর জন্য বিজেপি ঝাড়খণ্ড ও বিহার থেকে লোক আনছে। পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ২১ জুলাইকে কেন্দ্র করে কোনও চক্রান্তের চেষ্টা হতে পারে। এর আগেই তিনি অভিযোগ করেছিলেন, কয়েক ডজন বাইকে করে এসে কিছু দুষ্কৃতী তাঁদের মঞ্চ ভেঙে দিয়েছে।
অন্যদিকে মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখেন বিদ্রোহী শিবিরের নেতারা। মমতার অভিযোগের জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মানুষকেই বাইরের রাজ্যের মানুষ বলা হচ্ছে। তাঁর দাবি, ২১ জুলাইয়ের সমাবেশের ভিড় দেখলে মমতা আরও অস্বস্তিতে পড়বেন।
এদিকে সোমবারের ভারী বৃষ্টিতে শহিদ মিনার চত্বরের অনেকটা অংশ কাদায় ভরে গেলেও কংগ্রেস নেতৃত্ব আশাবাদী। তাঁদের দাবি, সভায় ভালো ভিড় হবে। এই কর্মসূচিতে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, শুভঙ্কর সরকার-সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন। দিল্লি থেকে পবন খেড়া ও প্রকাশ জোশীরও আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের আগে উত্তেজনা! মঞ্চে হামলার অভিযোগ তুলে সরাসরি বিজেপিকে নিশানা মমতার
২১ জুলাইয়ের এই কর্মসূচিগুলির জন্য কালীঘাট ও বিদ্রোহী শিবিরের অনুরোধে এ দিন বিধানসভাতেও দু’ঘণ্টার বিরতি রাখা হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনকে ঘিরে এখন নজর সবার (Kolkata Police)।













