পঞ্চায়েত এলাকায় বাড়ি বানাতে নতুন আইন আনছে সরকার, বড় ঘোষণা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Dilip Ghosh announces law for construction of houses in panchayat areas
Follow

বাংলা হান্ট ডেস্ক : গ্রামে বাড়ি তৈরির নিয়মে এবার বড় বদল আসতে চলেছে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বানানোর আগে নিতে হবে নকশার অনুমোদন। ইচ্ছেমতো নির্মাণ করে রাস্তা,ড্রেন আটকে দেওয়ার দিন শেষ করতে নতুন বিধি আনার পথে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। খুব শীঘ্রই সেই বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।

কী জানালেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)?

শুধু শহরেই নয়, অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রামাঞ্চলেও বর্ষায় জল জমার সমস্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছে সরকার। মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পুকুর, ড্রেন বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিক জলনিকাশির পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতায় ভারী বৃষ্টির পর জলমগ্ন পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তখনই তিনি বর্ষাকালে জল জমার দীর্ঘস্থায়ী সমস্যা এবং তার পিছনে অপরিকল্পিত নির্মাণের ভূমিকা তুলে ধরেন। দিলীপ ঘোষ বলেন, “প্রতি বছর অগাস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে, মানুষের ভোগান্তি হয়। এর কোনও শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহর গুলির দিকে দেখুন চারিদিকে একই অবস্থা। পুকুর, ড্রেন বন্ধ করে টাকা-পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হত সেই পুকুরগুলিই নেই।”

দিলীপ ঘোষের বক্তব্য, এত দিন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের মতো বিস্তারিত আইনি কাঠামো না থাকায় সেই সুযোগ নিয়েছেন অনেকে। নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ” আমরা পঞ্চায়েতে নতুন আইন আনছি। যাতে এই ধরনের বেনিয়ম না হয়। রুরাল এবং আরবান এর মাঝে একটা শব্দ চালু হয়েছে রারবান। এই এলাকায় যথেচ্ছ বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনও আইন ছিল না একপাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি। সেটা সিস্টেমে দেওয়া হয়েছে। অর্থ দফতর পর্যন্ত গেছে। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি। যাতে শহরের মতোই গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়।”

Dilip Ghosh announces law for construction of houses in panchayat areas

আরও পড়ুন :অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?

নতুন বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির আগে অনুমোদন নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক হতে পারে। শুধু ছোট বাড়ি নয়, বড় বাড়ি এবং ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। নির্মাণের নকশা, জায়গার ব্যবহার এবং রাস্তা-নিকাশির সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলিও নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে দফতর সূত্রে জানা যাচ্ছে। স্বভাবতই বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে এত দিনের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ আসতে পারে।