বদলি নিয়ে সরকারি কর্মচারীদের অধিকার স্পষ্ট করল হাইকোর্ট

Published on:

Published on:

High Court clarifies government employees' rights regarding transfers

বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরিতে কর্মস্থল বেছে নেওয়ার ক্ষেত্রে কর্মীদের ব্যক্তিগত পছন্দের চেয়ে প্রশাসনিক সিদ্ধান্তই শেষ কথা। পরিবারের অসুস্থ সদস্যের দেখাশোনার প্রয়োজন থাকলেও, সেই কারণ দেখিয়ে নিয়োগকর্তার নির্দেশ অমান্য করা যায় না। এমনই তাৎপর্যপূর্ণ বার্তা দিল পটনা হাইকোর্ট (High Court)। এক রেলকর্মীর বদলি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে গিয়ে আদালত স্পষ্ট করেছে, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আবেদন জানানো যেতে পারে ঠিকই, কিন্তু সেই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজে যাওয়া বন্ধ রাখা যাবে না।

সরকারি কর্মীর বদলি নিয়ে হাইকোর্টের (High Court) রায়

বিচারপতি মোহিত কুমার শাহ এবং বিচারপতি সৌরেন্দ্র পাণ্ডেকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের বক্তব্য, কোনও কর্মী বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেই সেই নির্দেশ বাতিল হয়ে যায় না। নিয়োগকারী সংস্থা যতক্ষণ না নিজে নির্দেশটি পরিবর্তন করছে কিংবা তার কার্যকারিতা স্থগিত রাখছে, ততক্ষণ নির্ধারিত জায়গায় যোগ দেওয়া বাধ্যতামূলক। শুধু আবেদন জমা দেওয়ার অজুহাতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা কর্তব্যে গাফিলতি হিসেবেও বিবেচিত হতে পারে।

High Court clarifies government employees' rights regarding transfers

উল্লেখ্য, এই মামলার পিছনে রয়েছে এক রেলকর্মীর পারিবারিক অসুবিধা ও পদোন্নতি সংক্রান্ত বিবাদ। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর সহানুভূতিমূলক নিয়োগের সুযোগে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে চাকরি পান তিনি। তাঁর বাবা রেলের গুডস সুপারভাইজার ছিলেন। চাকরিতে প্রবেশের সময়ই মায়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা জানিয়েছিলেন ওই কর্মী। পরবর্তীকালে মায়ের স্তন ক্যানসার ধরা পড়ায় তাঁর পক্ষে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন : সুখবর শীঘ্রই! কবে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

প্রথমে ২০১৭ সালে তাঁকে দানাপুরে পাঠানো হয়েছিল। সেখানে কর্মরত অবস্থায় ২০২০ সালের ডিসেম্বর মাসে টিসিএম গ্রেড-II পদে উন্নীত হন তিনি। পরে টিসিএম গ্রেড-I পদে পদোন্নতির সময় নতুন কর্মস্থল হিসেবে আরার নাম উল্লেখ করা হয়। কিন্তু মায়ের চিকিৎসা ও পরিচর্যার কথা মাথায় রেখে দানাপুরেই কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। ২০২৫ সালের ১৯ অগস্ট তাঁকে ঘিরে নতুন করে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। ওই দিন সিনিয়র ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়রের দফতর থেকে জারি করা নির্দেশে তাঁর কর্মস্থল হিসেবে দানাপুরের উল্লেখ ছিল। অথচ একই দিনে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়রের তরফে আরায় গিয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ আসে। দুটি আলাদা নির্দেশ পাওয়ার পর কোথায় কাজে যোগ দেবেন, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন বলে দাবি করেন ওই কর্মী।

এই ঘটনার পর থেকেই তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠে। রেল কর্তৃপক্ষ মাইনর পেনাল্টির চার্জ মেমো পাঠালে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে যান। ট্রাইব্যুনাল রেলকে তাঁর আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য ছিল, দানাপুর, পটনা ও পাটলিপুত্র—কোনও জায়গাতেই টিসিএম গ্রেড-I পদের জন্য শূন্যস্থান নেই। সেই যুক্তিতেই তাঁর আবেদন গ্রহণ করা হয়নি।

এরপর ২০২৬ সালের ১৩ এপ্রিল ওই কর্মী পদোন্নতি নিতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য ছিল, মায়ের শারীরিক অবস্থার কারণে আরায় গিয়ে কাজ করা সম্ভব নয়। এই সিদ্ধান্তের পর ফের ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে বদলি এবং নিজের বিরুদ্ধে জারি হওয়া চার্জ মেমো, দুটিকেই চ্যালেঞ্জ করেন তিনি। কিন্তু সেখান থেকেও অনুকূল নির্দেশ না মেলায় শেষ পর্যন্ত পটনা হাইকোর্টে মামলা করেন।হাইকোর্টে মামলাকারী দাবি করেন, দানাপুর ও পটনায় টিসিএম গ্রেড-I পদের শূন্যস্থান ছিল। তা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কেন সেখানে কোনও পদ খালি নেই বলে জানিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।মায়ের গুরুতর অসুস্থতার বিষয়টি বিবেচনা না করেই তাঁকে আরায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আদালতে জানান ওই কর্মী।

অন্যদিকে, রেলের আইনজীবীরা জানান, পদোন্নতির সঙ্গে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মী সেখানে উপস্থিত হননি। অনুমতি ছাড়া কাজে অনুপস্থিত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া ২০২৫ সালের ১৯ অগস্ট একই দিনে পাওয়া দুটি ভিন্ন নির্দেশ নিয়ে তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে কোনও স্পষ্টীকরণ চাননি। প্রায় চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন। এই বিলম্বের বিষয়টিও আদালতের নজর এড়ায়নি।

বদলি সংক্রান্ত আইনি অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আদালত পূর্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ের উল্লেখ করে। একটি মামলার পর্যবেক্ষণ তুলে ধরে বেঞ্চ জানায়, সরকারি চাকরিতে বদলি পরিষেবার স্বাভাবিক অঙ্গ। কর্মীর ব্যক্তিগত অসুবিধা থাকলেই প্রশাসনিক প্রয়োজনে নেওয়া সিদ্ধান্তকে অকার্যকর বলে ধরে নেওয়া যায় না। আদালত আরও স্পষ্ট করে দেয়, কোনও নির্দিষ্ট ডিভিশনে শূন্যপদ থাকলেই সেখানে পোস্টিং পাওয়ার দাবি করা যায় না। কর্মী কোথায় দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজনই প্রধান বিবেচ্য। দানাপুর বা পটনায় পদ খালি থাকার দাবি থাকলেও, ওই কর্মীকে সেখানেই নিয়োগ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা রেলের উপর নেই।‌ শেষ পর্যন্ত মামলার সমস্ত দিক বিচার করে ট্রাইব্যুনালের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি পটনা হাইকোর্ট। আগের নির্দেশ বহাল রেখেই রেলকর্মীর দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়।