সিকিমে পৌঁছবে রেল! সেবক-রংপো প্রকল্পের সব সুড়ঙ্গের খনন শেষ, ট্রেন চালুর সম্ভাব্য সময় জানাল রেল

Published on:

Published on:

Sivok Rangpo Railway Project tunnel work complete

বাংলা হান্ট ডেস্ক : সিকিমকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার লক্ষ্যে তৈরি হচ্ছে সেবক-রংপো রেলপথ (Sivok Rangpo Railway Project)। দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের কাজে এবার এল অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। পাহাড়ের গভীরে অবস্থিত প্রকল্পের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গটির খনন পর্ব শেষ হয়েছে। এর ফলে নির্মাণের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ অতিক্রম করল রেল। এখন বাকি পরিকাঠামোগত কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল শুরু করাই প্রধান লক্ষ্য।

সেবক-রংপো (Sivok Rangpo Railway Project) রেলপথের সুড়ঙ্গ নির্মাণ শেষ

প্রায় ৪৫ কিলোমিটার বিস্তৃত সেবক-রংপো রেলপথের নকশায় রয়েছে একাধিক অত্যাধুনিক নির্মাণকৌশল। এই রুটে মোট পাঁচটি স্টেশন তৈরি হচ্ছে। সেগুলি হল সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। এর মধ্যে তিস্তা বাজারের স্টেশনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, মাটির নীচে তৈরি হতে চলা এই স্টেশনটি ভারতীয় রেলের প্রথম ভূগর্ভস্থ স্টেশন হিসেবে পরিচিতি পাবে। গোটা রেলপথে ১৪টি সুড়ঙ্গের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ২৩টি ছোট-বড় সেতু। মোট দৈর্ঘ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ ৪১.৫৫ কিলোমিটার এবং সিকিমের অংশ ৩.৪১ কিলোমিটার।

Sivok Rangpo Railway Project tunnel work complete

পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রায় ৮৬ শতাংশ পথই সুড়ঙ্গের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হিসাব অনুযায়ী, ৩৮.৬২৩ কিলোমিটার পথ থাকবে পাহাড়ের অভ্যন্তরে। আরও ২.২৪ কিলোমিটার রেললাইন বসবে সেতুর উপর। অবশিষ্ট অংশে থাকবে স্টেশন ইয়ার্ড। শুক্রবার প্রকল্পের নির্মাণকাজে আরও একটি বড় বাধা দূর হয়েছে। টি-১০ নামে দীর্ঘতম সুড়ঙ্গটির খনন শেষ করার মধ্য দিয়ে ১৪টি সুড়ঙ্গেরই খনন পর্ব সম্পূর্ণ করল নির্মাণকারী সংস্থা।

আরও পড়ুন : পরিযায়ীদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ, মোবাইলে যাচ্ছে এসএমএস! কী লেখা রয়েছে বার্তায়?

কালিম্পং জেলার ভিতর দিয়ে বিস্তৃত এই সুড়ঙ্গের মূল অংশের দৈর্ঘ্য ৫৩০০ মিটার। শুধু যাতায়াতের পথ তৈরি করাই নয়, দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর ব্যবস্থাও রাখা হয়েছে। সেই কারণে মূল সুড়ঙ্গের সঙ্গে ১১৪৪ মিটার এবং ৪১২.৫ মিটার দৈর্ঘ্যের দুটি পৃথক নির্গমন পথ নির্মাণ করা হয়েছে।এই সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তবে হিমালয়ের ভূগর্ভস্থ পরিবেশের সঙ্গে লড়াই করে নির্মাণ এগিয়ে নিয়ে যাওয়া ছিল যথেষ্ট কঠিন। এলাকাটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় খননের প্রতিটি পর্যায়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছে। দুর্বল পাথরের স্তর, মাটির নীচের অনিশ্চিত পরিস্থিতি এবং করোনা অতিমারীর কারণে একাধিকবার কাজের গতি কমেছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি অনুসরণ করা হয়। পাশাপাশি খননের আগে ভূগর্ভের সম্ভাব্য বিপদ সম্পর্কে ধারণা পেতে কাজে লাগানো হয়েছে ‘টানেল সিসমিক প্রেডিকশন’ প্রযুক্তি। ফলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত সুড়ঙ্গের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সুড়ঙ্গ খনন শেষ হলেও প্রকল্পের অন্যান্য কাজ এখনও চলছে। নির্মাণকারী সংস্থা ইরকনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪টি সুড়ঙ্গের ভিতরে মোট ৩৩.৬৮ কিলোমিটার অংশের খনন ইতিমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে ১২টি সুড়ঙ্গের কংক্রিটের আস্তরণ তৈরির কাজও সম্পূর্ণ। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার এলাকায় বসানো হয়েছে আধুনিক ব্যালাস্টবিহীন রেললাইন। রেল সূত্রে খবর, ২০২৮ সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ প্রকল্পের নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে তার আগেই ২০২৭ সালের শেষ নাগাদ শিলিগুড়ির সঙ্গে সিকিমের রেল যোগাযোগ চালু করার আশা করা হচ্ছে। এই রেলপথ চালু হলে সিকিমের যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন আসতে পারে।