সমুদ্রে আরও শক্তিশালী হবে নিরাপত্তা! ভারতীয় নৌবাহিনী পেল কলকাতায় তৈরি ‘আশঙ্ক’ যুদ্ধজাহাজ

Published on:

Published on:

Indian Navy receives 'Ashank' warship built in Kolkata

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) শক্তি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। দেশের নৌবাহিনীর হাতে আরও একটি অত্যাধুনিক অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ (Submerine Warships) তুলে দিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জাহাজটির নাম ‘আশঙ্ক’ (Ashank)। বিশেষত্ব হল, সমুদ্রের অগভীর জলেও শত্রুপক্ষের সাবমেরিনের গতিবিধি শনাক্ত করতে সক্ষম এটি। ফলে উপকূলবর্তী এলাকায় ভারতের নজরদারি এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় নৌবাহিনী পেল কলকাতায় তৈরি ‘আশঙ্ক’ (Ashank) যুদ্ধজাহাজ:

‘আশঙ্ক’ (Ashank) হল অর্নালা শ্রেণির মোট আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW-SWC) ষষ্ঠ যুদ্ধজাহাজ। ইয়ার্ড নম্বর ৩০৩৬-এর এই জাহাজটি নৌবাহিনীর হাতে আসার ফলে এই শ্রেণির ছটি যুদ্ধজাহাজের হস্তান্তর সম্পূর্ণ হল। বাকি দুটি জাহাজের নির্মাণকাজ চলছে। উল্লেখযোগ্য বিষয়, যুদ্ধজাহাজটির প্রায় ৮৮ শতাংশ যন্ত্রাংশ ও প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি। অর্থাৎ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যেও এটি ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

আরও পড়ুন: দিনমজুরের ছেলে থেকে KBC-র কোটিপতি! সিনেমাকেও হার মানাবেও ভূষণের সংগ্রামের কাহিনি

প্রযুক্তিগত দিক থেকেও বেশ উন্নত ‘আশঙ্ক’। সাধারণ প্রপেলারের বদলে এতে ব্যবহার করা হয়েছে আধুনিক ওয়াটারজেট প্রপালশন ব্যবস্থা। এর ফলে জলের নিচে জাহাজের শব্দের মাত্রা কম থাকে, যা শত্রু সাবমেরিনের নজর এড়িয়ে চলাচলে সুবিধা দেয়। পাশাপাশি অগভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুত গতিতে চলাচল এবং সহজে দিক পরিবর্তন করতে পারে যুদ্ধজাহাজটি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫ নট।

Indian Navy receives 'Ashank' warship built in Kolkata.

শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করার জন্য এতে রয়েছে উন্নত হাল-মাউন্টেড সোনার এবং লো ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল ডেপথ সোনার। এই প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা সাবমেরিনের গতিবিধি শনাক্ত করা সম্ভব। শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নয় ‘আশঙ্ক’। শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য এতে রয়েছে লাইটওয়েট টর্পেডো এবং অ্যান্টি-সাবমেরিন রকেট লঞ্চার। ফলে প্রয়োজনে প্রতিরোধমূলক অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এই যুদ্ধজাহাজ।

আরও পড়ুন: খুঁজে পাওয়া গেল হরমুজের বিকল্প! বিরাট রেল নেটওয়ার্ক তৈরি করছে ৬ টি দেশ

অন্যদিকে, GRSE-র অর্নালা শ্রেণির আটটি যুদ্ধজাহাজের পাশাপাশি কোচিন শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আরও আটটি মাহে শ্রেণির অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ১৬টি বিশেষায়িত শ্যালো ওয়াটার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে। দেশের দীর্ঘ উপকূলরেখা, গুরুত্বপূর্ণ বন্দর, নৌঘাঁটি এবং আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে এই জাহাজগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে উপকূলের কাছাকাছি শত্রু সাবমেরিনের অনুপ্রবেশ রুখতে ‘আশঙ্ক’-(Ashank) এর মতো যুদ্ধজাহাজ ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।