বাংলা হান্ট ডেস্কঃ ১৬ অগাস্ট অবধি সময় ছিল। রবিবার এলপিজি ই-কেওয়াইসির (LPG e-KYC) সময়সীমা শেষ হয়েছে। এরপর থেকে অনেকের প্রশ্ন, যারা এই কাজ করেননি, তাঁদের কী হবে? সেসব এলপিজি গ্রাহকদের কি গ্যাস কানেকশন কেটে দেওয়া হবে? তাঁদের কি সিলিন্ডার (Gas Cylinder) পেতে সমস্যা হবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।
এলপিজি ই-কেওয়াইসি না করালে কী হবে? | (LPG e-KYC)
তেল মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন এলপিজি সরবরাহকারী সংস্থার তরফে বহুবার গ্রাহকদের এলপিজি ই-কেওয়াইসি সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। রান্নার গ্যাসের ই-কেওয়াইসির এই নিয়ম মূলত ভারত গ্যাস, ইন্ডেন, ও এইচপির গৃহস্থালি এলপিজি গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য। সতর্কবার্তা অনুসারে, ই-কেওয়াইসি করতে যারা ব্যর্থ হবেন, তাঁরা ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া অবধি গৃহস্থালির দামে এলপিজি সিলিন্ডার নাও পেতে পারেন।
আরও পড়ুনঃ ‘কারও কাজ যাবে না’! মিড ডে মিলের রাঁধুনিদের আশ্বস্ত করে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, ১৬ অগাস্টের মধ্যে যেসব এলপিজি গ্রাহক ই-কেওয়াইসি করাতে পারেননি, তাঁদের রান্নার গ্যাসের কানেকশন স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হবে এমনটা নয়। গ্যাস সংস্থাগুলির তরফে পাঠানো সতর্কবার্তা অনুসারে, এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে, যাচাই শেষ না হওয়া অবধি সেই গ্রাহকরা গৃহস্থালির দামে রান্নার গ্যাস পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
তেল মন্ত্রকের তরফেও এলপিজি গ্রাহকদের ই-কেওয়াইসি সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়, এখনও যারা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক। তবে যারা ইতিমধ্যেই এলপিজি ই-কেওয়াইসি করে ফেলেছেন তাঁদের ফের এই প্রক্রিয়া করার কোনও দরকার নেই।

সব মিলিয়ে, নির্ধারিত ডেডলাইনের মধ্যে যারা এলপিজি ই-কেওয়াইসি করাতে পারেননি, তাঁদের গ্যাস কানেকশন কেটে দেওয়া হবে এমনটা নয়। তবে গৃহস্থালির দামে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তাঁদের বেশি টাকা গ্যাস কিনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।













