নুনের জায়গায় গুঁড়ো সাবান! মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ুয়ারা

Published on:

Published on:

Detergent powder served in Mid Day Meal at Parasi Middle School Nalanda
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলের (Mid Day Meal) মেনুতে ছিল ভাতের সঙ্গে সয়াবিনের তরকারি। পড়ুয়ারা মুখে দিয়ে জানায়, তরকারিতে নুন হয়নি। সেই কারণে নুন চেয়ে নেয় তাঁরা। কিন্তু সেই নুনের বদলে পাতে পড়ে জামাকাপড় কাচার গুঁড়ো সাবান (Detergent Powder)। সেটা দিয়ে ভাত মেখে খেতেই অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্রছাত্রী। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪০ জন।

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে গুঁড়ো সাবান | (Mid Day Meal)

মঙ্গলবার বিহারের নালন্দার পারসি মিডল স্কুলে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার দায় স্বীকার করেছে। তাঁদের দাবি, স্কুলের তরফেই ভুল হয়েছে। স্কুলে রোজ মিড ডে মিলের খাবার অন্য আরেকটি স্কুল থেকে আসে। এদিনও ব্যতিক্রম হয়নি। তবে খাবার পরিবেশন করার পর ছাত্রছাত্রীরা জানায়, তরকারিতে নুন হয়নি। তাঁরা নুন চাওয়ায় স্কুল থেকে নুন দেওয়া হয়। এরপরেই অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া।

আরও পড়ুনঃ ‘রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট’! অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রেগে আগুন হাইকোর্ট, কার উপর?

এই বিষয়ে স্কুল সূত্রে জানানো হয়, বিদ্যালয়ের কোনও কর্মীই হয়তো ভুলবশত পড়ুয়াদের পাতে নুনের জায়গায় গুঁড়ো সাবান দিয়ে ফেলেন। সেটা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা।

অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের শরীরে অস্বস্তি শুরু হয়। কেউ পেটের ব্যথায় কাতরাতে শুরু করে, কারও আবার শুরু হয় বমি। এরপর স্কুলের তরফে দ্রুত তাঁদের বিহার শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, অসুস্থ ছাত্রছাত্রীদের যথাযথ চিকিৎসা হয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছে। তবে শারীরিক অবস্থার দিকে নজর রাখতে বুধবারও হাসপাতালেই রাখা হয়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে গতকালই হাসপাতালে ছুটে যান বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। অসুস্থ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের সঙ্গে দেখা করেন তিনি। যথাযথ চিকিৎসা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজন মতো নির্দেশ দেন।

এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের প্রশ্ন, পড়ুয়াদের পাতে নুনের জায়গায় কীভাবে গুঁড়ো সাবান দেওয়া হল? ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কীভাবে এতটা অবহেলা করতে পারে? মিড ডে মিলের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার প্রশ্নে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

Detergent in Mid Day Meal

অন্যদিকে অভিভাবকদের একাংশের তরফে তোলা বিভিন্ন প্রশ্নের উত্তর না দিলেও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মিড ডে মিলের খাবার রাখার জায়গায় কীভাবে গুঁড়ো সাবান রাখা হল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মিড ডে মিলের খাবারের মান নিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠতে দেখা যায়। তবে এভাবে নুনের জায়গায় গুঁড়ো সাবান পরিবেশনের ঘটনা কার্যত বেনজির। ফলে বিহারের এই ঘটনা নিয়ে সেই রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও জোর চর্চা শুরু হয়েছে।