বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সেপ্টেম্বরের কিস্তির অপেক্ষা করছেন উপভোক্তারা। এই মাসে কত তারিখে টাকা আসতে পারে সেই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মাঝেই এই প্রকল্প (Government Scheme) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের একবার যোগ্যদের আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)
বুধবার দক্ষিণ দিনাজপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দেন তিনি। জেলার কত মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তা তুলে ধরার পাশাপাশি ফের একবার যোগ্যদের টাকা পেয়ে যাওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুনঃ ৪ সপ্তাহের মধ্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে! রাজ্যকে নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?
বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “এই জেলায় ৩ লক্ষের বেশি অন্নপূর্ণা যোজনায় অনুমোদিত হয়েছেন। তাঁরা মাসে মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। খুব একটা বড় জেলা নয়, ছোট জেলা।“
এরপর যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দেন শুভেন্দু। তিনি বলেন, “বাকিটা তো এআরএম-এ বলব যে জনকল্যাণে আমরা কী কী করতে পেরেছি। এখনও অবধি কত মহিলা এই জেলায় অন্নপূর্ণা যোজনা পেয়েছেন। আরও যারা যোগ্য রয়েছেন তাঁরাও পেয়ে যাবেন।“

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। জুন থেকে যোগ্য উপভোক্তাদের ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। সেই অনুযায়ী আগামী ১৫ তারিখের মধ্যে উপভোক্তারা টাকা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।
এবার তার আগেই ফের একবার যোগ্য আবেদনকারীদের আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। তাঁর বার্তার পর এখনও টাকা না পাওয়া মহিলাদের চিন্তা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।













