বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ নিয়ে। বুমরার অনুপস্থিতিতে এইমুহূর্তে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে ভারতের বোলিং আক্রমণকে। নবাগত গুরনুর ব্রার বা অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে এই ফরম্যাটে যে পুরোপুরি ভরসা করা যাবে না এমনটা বুঝে গিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ তারকা মহম্মদ সিরাজকে (Md. Siraj) ফের একবার ভারতের জার্সিতে ফিরিয়ে আনার দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
সিরাজ গত বছর অবধিও ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর থেকে আর তাকে ওডিআই ফরম্যাটে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই এইমুহূর্তে ওডিআই ফরম্যাটে খেলে চলেছে ভারত। আর দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এই অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে জয় পাওয়া গেলেও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সিরাজের মতো অভিজ্ঞ তারকা অনুপস্থিত থাকলে ফল ভুগতে হতে ভারতকে।

আকাশ চোপড়া সিরাজকে খেলানোর প্রসঙ্গে ভারতীয় দলে অতিরিক্ত অলরাউন্ডার চয়নের নীতিরও সমালোচনা করেছেন। আগামী ম্যাচে তিনি এই রণনীতিতে পরিবর্তন দেখতে চাইছেন। আর সেই উদ্দেশ্যে তিনি একজন অলরাউন্ডারের বদলে সিরাজকে ভারতীয় দলে দেখতে চাইছেন।
আরও পড়ুন: প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?
আকাশ চোপড়ার মতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় এবং প্রচুর শিশির পড়ার মধ্যে বল করতে হলে নবাগত অলরাউন্ডার নমান ধীরকে হয়তো বেশ বেগ পেতে হতে পারে। তাই তাঁর মতে, দলের ব্যাটিং গভীরতা কিছুটা কমলেও টিম ম্যানেজমেন্টের উচিত মহম্মদ সিরাজকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা।
আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য শতরান! রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতীয়দের তালিকায় শীর্ষে শুভমান গিল
আকাশ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, “যেহেতু টস আপনাদের নিয়ন্ত্রণে থাকবে না এবং আপনারা এমন এক জায়গায় খেলতে যাচ্ছেন যেখানে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, তাই মহাম্মদ সিরাজকে দলে না রাখার কোনো কারণ নেই। নমান ধীরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তিনি ভালো ব্যাট করেন। কিন্তু তিনি মূলত একজন পার্ট-টাইম বোলার। তিনি উইকেট-শিকারি বোলার নন। আর বল যদি ভেজা থাকে, তবে বোলার হিসেবে তিনি একেবারেই কার্যকর নন। এমন পরিস্থিতিতে আপনাদের উচিত বিশেষজ্ঞ বোলারদের ওপরই ভরসা করা। যেহেতু ফর্ম কোনো সমস্যা নয়, তাই ব্যাটিংয়ের গভীরতা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই।”













