বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই আরও চওড়া হল রাজ্যের পুলিশকর্মীদের মুখের হাসি। একধাক্কায় ৫০০ টাকা করে বাড়ানো হল তাঁদের রেশন ভাতা (Ration Allowance)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই ঘোষণা করেছিলেন। মঙ্গলবার রাজ্যের (West Bengal Government) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হল।
৫০০ টাকা করে বাড়ল পুলিশকর্মীদের রেশন ভাতা | (West Bengal Government)
মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এতদিন রাজ্যের পুলিশকর্মীরা মাসে মাসে ১৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। আগামী ১ অক্টোবর থেকে তা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে তাঁরা মাসে ২ হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুনঃ মিলন প্রধানের জামিনে আপত্তি রাজ্যের, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা
রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে ২০০২ সালের ১৫ জুলাই ও ২০১১ সালের ১৬ ডিসেম্বরের মেমোরেন্ডামের উল্লেখ আছে। পাশাপাশি ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর জারি করা এই বিষয়ক নির্দেশিকারও উল্লেখ আছে ওই বিজ্ঞপ্তিতে।
তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, পুলিশকর্মীদের রেশন ভাতা পাওয়ার ক্ষেত্রে আগের নিয়ম ও শর্তে কোনও বদল আসছে না। অর্থাৎ সেগুলি অপরিবর্তিত থাকছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সার্জেন্ট, সাব ইনস্পেক্টর ও তার নিচের পদমর্যাদার পুলিশকর্মীরা আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন।

গত অগাস্ট মাসেই রাজ্যের পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানী ভবনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না। কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দিলাম।”
এবার মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতো রেশন ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। পুজোর মাস থেকে রাজ্যের পুলিশকর্মীরা ২ হাজার টাকা করে রেশন ভাতা পাবেন বলে জানিয়ে দেওয়া হল।













