বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
অক্টোবরে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানি রেকর্ড ভাঙতে পারে। এর নেপথ্যে একটি বিশেষ কারণও আছে। মূলত, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল উল্লেখযোগ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। যার ফলে রিলায়েন্সের
(Reliance Industries) মতো একাধিক কোম্পানি এটি বিপুল পরিমাণে কিনছে। অন্যদিকে, রাশিয়ার (Russia) তেলের উচ্চমূল্যের কারণে সেটির চাহিদা কমে গেছে। এই কারণেই ভেনেজুয়েলার (Venezuela) তেলের সরবরাহ ক্রমাগত বাড়ছে। উল্লেখ্য যে, ভেনেজুয়েলা রাশিয়ার চেয়ে ভারতের অনেক কাছের একটি দেশ এবং পরিবহণ খরচও উল্লেখযোগ্যভাবে কম। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
নয়া নজির রিলায়েন্সের (Reliance Industries):
৭ বছরের মধ্যে আমদানি সর্বোচ্চ হবে: জানিয়ে রাখি যে, কেপলারের হিসাব অনুযায়ী, চলতি মাসে অর্থাৎ অক্টোবরে ভেনেজুয়েলা থেকে ভারতে আসা অপরিশোধিত তেলের পরিমাণ সেপ্টেম্বরের দৈনিক ১,৯৬,০০০ ব্যারেল থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ৪,৬৫,০০০ ব্যারেলে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যদি সমস্ত নির্ধারিত শিপমেন্ট সময়মতো এসে পৌঁছয়, তবে এটি হবে ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পরিমাণ। দক্ষিণ আমেরিকার এই তেল উৎপাদনকারী দেশ থেকে ভারতে আসা সমস্ত শিপমেন্টের জন্য সিক্কা বন্দরই নির্ধারিত গন্তব্য। এদিকে, রিলায়েন্স বিশ্বের বৃহত্তম জামনগর তেল শোধনাগার কমপ্লেক্সের জন্য এই বন্দরটি ব্যবহার করে। অক্টোবরের প্রকৃত সরবরাহে পরিবর্তন আসতে পারে। কারণ একটি অ্যানালিটিক্স ফার্মের জাহাজ-ট্র্যাকিং ডেটা অনুযায়ী ৩১ অক্টোবর ভারতের পশ্চিম উপকূলে অন্তত ২ টি ট্যাঙ্কার পৌঁছনোর কথা রয়েছে। তবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রাশিয়া থেকে সরবরাহ কমছে: উল্লেখ্য যে, প্রায় এক বছর বিরতির পর ভারত গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা থেকে তেল কেনা পুনরায় শুরু করেছে। মূলত, ভেনেজুয়েলার প্রাক্তন নেতা নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, ক্রমবর্ধমান দামের কারণে ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী রাশিয়া থেকে আমদানি কমছে। বাল্টিক থেকে আহরিত রাশিয়ার প্রধান ‘ইউরালস’ গ্রেডের তেলের দাম যুদ্ধের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আইনের কারণে নতুন শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশের তেল শোধনাগার কোম্পানিগুলিও রাশিয়া থেকে ক্রয় কমিয়ে দিচ্ছে। কেপলারের তথ্য অনুযায়ী, ভারতে অপরিশোধিত তেল আমদানিতে মস্কোর অংশ জুলাই মাসের ৫৬ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে প্রায় ৩৫ শতাংশে নেমে এসেছে।
আরও পড়ুন: বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের! গ্রাহকদের স্বস্তি দিয়ে সস্তা হল লোন
ব্যাপক ছাড়ে ভেনেজুয়েলার তেল: TV9-এর রিপোর্ট অনুযায়ী, কেপলাটের মডেলিংয়ের সিনিয়র ম্যানেজার সুমিত রিতোলিয়া বলেছেন যে, বছরের শুরু থেকে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারতের সরবরাহ উৎসের বৈচিত্র্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাঁর মতে, অক্টোবরে দৈনিক সরবরাহ প্রায় ৩৫০,০০০ ব্যারেল হবে। কারণ কিছু জাহাজ মাসের শেষ পর্যন্ত তাদের পণ্য খালাস করতে সক্ষম নাও হতে পারে। ভেনিজুয়েলার প্রধান ‘মেরে’ অপরিশোধিত তেল ছাড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে রাশিয়ান ইউরালস তেল পরিবহণ খরচ বাদে প্রিমিয়ামে (উচ্চ মূল্যে) বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ৫ কোটির বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা? বিতর্কের আবহে কী জানাল কোহলির টিম?
এই বিপুল ছাড় ভেনেজুয়েলা থেকে দীর্ঘ যাত্রা এবং ‘মেরে’ ক্রুড প্রক্রিয়াকরণের প্রতিবন্ধকতা পুষিয়ে দেয়। মেরে একটি ঘন, উচ্চ-সালফারযুক্ত অপরিশোধিত তেল। রিলায়েন্সের জামনগর কমপ্লেক্স এই ধরনের ব্যারেল প্রসেসিংয়ে সক্ষম। তবে, ট্যাঙ্কারের ক্রমবর্ধমান ভাড়ার কারণে আমদানির এই আকস্মিক বৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। তিনি বলেন, এই ব্যারেলগুলি প্রক্রিয়াজাত করা কঠিন ও ভারী, এবং ভারতের সব শোধনাগার এগুলি ধারাবাহিকভাবে বা বিপুল পরিমাণে প্রসেস করতে পারে না।













