বাংলা হান্ট ডেস্কঃ চাষের বিষয়ে নানা পরামর্শ পেতে ক্ষুদ্র চা চাষিদের (Tea Farmer) অনেক ঝক্কি পোহাতে হয়। তবে এবার তাঁদের সেই সমস্যা দূর করতে নেওয়া হল বড় উদ্যোগ। চালু হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নির্ভর বিশেষ প্রযুক্তি টোকলাই (Toklai)। ইতিমধ্যেই এটি তৈরির কাজ শুরু করে দিয়েছেন চা গবেষকরা।
ক্ষুদ্র চা চাষিদের জন্য চালু হচ্ছে টোকলাই | (Toklai)
চা চাষিরা মাটির স্বাস্থ্য পরীক্ষা, কীটপতঙ্গের আক্রমণ, সার প্রয়োগ, রোগ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে পরামর্শ এবার সহজেই পেতে পারেন। গাছ কীটপতঙ্গের আক্রমণ হয়েছে সন্দেহ হলে সেই চা পাতার ছবি নির্দিষ্ট সাইটে আপলোড করে তথ্য জানা যাবে। সাধারণ ইন্টারনেট ভিত্তিক তথ্যের বদলে টি রিসার্চ অ্যাসোসিয়েশনের গবেষণা সমৃদ্ধ আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য ও সমাধান দেবে এই প্ল্যাটফর্ম।
আরও পড়ুনঃ দিওয়ালির আগেই DA-র ধামাকা! সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট
জানা গিয়েছে, টোকলাই নামক এআই চালিত একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেছে টি রিসার্চ অ্যাসোসিয়েশন তথা টিআরএ। টি বোর্ড অফ ইন্ডিয়া, টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে এই টুল তৈরির কাজ চলছে। চা বাগানের ক্ষুদ্র চা চাষিদের কাছে বৈজ্ঞানিক পরামর্শ আরও বেশি সহজলভ্য করে তোলাই হল এই টুলের লক্ষ্য।
দশ বছরেরও বেশি সময় ধরে চা নিয়ে হওয়া গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে এআই নির্ভর এই টুল তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই দু’হাজারেরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা ডিজিটালাইজ করা হয়ে গিয়েছে। নতুন কোনও গবেষণালব্ধ ফলাফল আসার পর সেটিও এখানে যুক্ত করা হবে।

এআই নির্ভর প্রযুক্তি টোকলাইয়ে চা চাষিরা মাটির স্বাস্থ্য পরীক্ষা, কীটপতঙ্গের আক্রমণ, সার প্রয়োগ, চারা রোপণ, জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো, চা প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ক নিয়মাবলী মেনে চলার বিষয়ে পরামর্শ পাবেন। এই বিষয়ে কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানান, ক্ষুদ্র চা চাষিদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ।
চাষবাস সংক্রান্ত নানা পরামর্শ পেতে এতদিন বহু কাঠখড় পোড়াতে হত ক্ষুদ্র চা চাষিদের। তবে এবার তাঁদের জন্য চালু হতে চলেছে এআই নির্ভর টোকলাই। আগামী এক বছরের মধ্যে এই প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে।














