বাংলা হান্ট ডেস্কঃ কোনও সরকারি কর্মী গ্রেফতার হলে তাঁর চাকরির কী হবে? কতদিন জেলে থাকলে তাঁকে সাসপেন্ড করা হবে? এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানিয়েছে, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি জেলে থাকলে তাঁকে এমনিতেই সাসপেন্ড বলে ধরা হবে। এর জন্য নতুন করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই। বিহারের এক সরকারি আধিকারিকের জামিনের মামলায় এই বিষয়টি সামনে এসেছে।
কী অভিযোগ ছিল ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে?
বিহারের একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য তাঁর কাছে ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বিশ্বজিৎ। ওই কর্মীর মোট বকেয়া বেতন ছিল ৩৬ হাজার ৪২১ টাকা।

এই অভিযোগে গ্রেফতার হন বিশ্বজিৎ সিং। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু সেই জামিন বাতিল করে দেয় পটনা হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন ওই আধিকারিক।
আরও পড়ুনঃ বন্দে ভারত স্লিপারে টিকিট কাটার নিয়ম বদল, কনফার্ম না হলে কী হবে?
জামিন নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। প্রায় এক বছর আগে দায়রা আদালত বিশ্বজিৎ সিংকে জামিন দিয়েছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই জামিন বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে। ফলে তাঁর জামিন আবার বহাল হয়েছে।
আদালত জানিয়েছে, কত টাকা ঘুষ চাওয়া হয়েছিল, শুধু সেই বিষয়টি দেখে জামিন বাতিল করা যায় না। দায়রা আদালত ঘুষের টাকার অঙ্ক কম বলে উল্লেখ করেছিল। হাইকোর্ট চাইলে এই মন্তব্যের বিরোধিতা করতে পারত। কিন্তু শুধু এই কারণে জামিন বাতিল করা ঠিক হয়নি।
৪৮ ঘণ্টা জেলে থাকলেই সাসপেন্ড
এই মামলায় সরকারি কর্মীদের সাসপেনশন নিয়েও গুরুত্বপূর্ণ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট (SupremeCourt)। আদালত বলেছে, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি জেলে থাকলে তাঁকে নিয়ম অনুযায়ী সাসপেন্ড বলে ধরা হবে। একে বলা হয় ‘ডিমড সাসপেনশন’। অর্থাৎ, আলাদা করে কোনও সরকারি নির্দেশ না এলেও ওই কর্মী সাসপেন্ড বলে গণ্য হবেন। গত ৬ নভেম্বরের নির্দেশে বিচারপতি পারদিওয়ালা এই নিয়মের কথা জানান। আদালত আরও জানায়, বিশ্বজিৎ সিং গ্রেফতার হওয়ার পর প্রায় ১৫ দিন জেলে ছিলেন।
একই হাসপাতালে আবার চাকরি কীভাবে?
বিশ্বজিৎ সিংয়ের চাকরিতে ফিরে আসা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানতে চেয়েছে, গ্রেফতার হওয়ার পরেও কীভাবে তাঁকে আগের হাসপাতালেই একই পদে কাজে ফেরানো হল।জানা গিয়েছে, গ্রেফতারের পর প্রথমে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়। এরপর তাঁকে আবার আগের হাসপাতালেই একই পদে বসানো হয়।
এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিহার সরকারকে দ্রুত পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।












