বাংলাহান্ট ডেস্ক: স্মার্টফোনে (Smartphone) এআই (Artificial Intelligence) ফিচারের ব্যবহার দিন দিন বাড়ছে। ছবি সম্পাদনা থেকে শুরু করে লেখালিখি, দৈনন্দিন কাজের পরিকল্পনা কিংবা বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ—সবেতেই সাহায্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এত দিন স্যামসাংয়ের (Samsung) গ্যালাক্সি এআই-এর একাধিক সুবিধা বিনামূল্যেই ব্যবহার করতে পারতেন গ্রাহকেরা। কিন্তু এ বার সেই পরিষেবার জন্য টাকা খরচ করতে হতে পারে। বিভিন্ন প্রতিবেদন ও ফাঁস হওয়া কিছু কোড থেকে জানা যাচ্ছে, বিনামূল্যের এআই পরিষেবার পাশাপাশি ‘গ্যালাক্সি এআই প্রিমিয়াম’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালুর কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা।
Samsung AI ফিচার্স ব্যবহারে গ্রাহকদের বাড়বে খরচ:
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রাহকদের জন্য মাসিক এবং বার্ষিক—দু’ধরনের সাবস্ক্রিপশন চালু হতে পারে। মাসিক প্ল্যানের দাম ৪.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪১৫ টাকা। অন্য দিকে, বার্ষিক প্ল্যানের জন্য খরচ হতে পারে ৪৭.৯৯ ডলার বা প্রায় ৪ হাজার টাকা। তবে এই দাম কিংবা সাবস্ক্রিপশন ব্যবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি স্যামসাং। ফলে ভবিষ্যতে এই পরিকল্পনায় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে (Samsung)।
আরও পড়ুন: অবশেষে থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? উদ্যোগ ভারতের, রয়েছে একাধিক প্রস্তাব
তবে নতুন নিয়ম চালু হলেও ফোনের সমস্ত এআই পরিষেবা বন্ধ হয়ে যাবে না বলেই খবর। ব্রাউজিং অ্যাসিস্ট, ফটো অ্যাসিস্ট, স্যামসাং কিবোর্ড ইন্টিগ্রেশন, স্মার্ট ক্যাপচার, ক্রিয়েটিভ স্টুডিয়ো এবং নাও ব্রিফের মতো সাধারণ ফিচার বিনামূল্যে ব্যবহার করা যেতে পারে। যদিও সেগুলির ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হতে পারে। মাসিক এআই টোকেনের নির্ধারিত পরিমাণ শেষ হয়ে গেলে অতিরিক্ত সুবিধা পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতে পারে গ্রাহকদের।
অন্য দিকে, যাঁরা নিয়মিত এবং বেশি পরিমাণে এআই ব্যবহার করেন, তাঁদের জন্য আরও উন্নত ‘ম্যাক্স’ প্ল্যান আনার পরিকল্পনাও রয়েছে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনে। এই প্ল্যানে সাধারণ প্রিমিয়াম পরিষেবার তুলনায় চার গুণ বেশি ব্যবহারের সুযোগ মিলতে পারে। বিশেষ করে এআইয়ের সাহায্যে ভিডিও তৈরি, বিক্সবি অ্যাকশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের কাজ সম্পন্ন করা এবং বিস্তারিত দৈনিক ব্রিফিংয়ের মতো ক্লাউডনির্ভর পরিষেবাগুলির জন্য টাকা দিতে হতে পারে। ফলে যাঁরা নিয়মিত এই সুবিধাগুলি ব্যবহার করেন, তাঁদের মাসিক খরচ বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: জন্মসূত্রে ঠাকুরদার সম্পত্তিতে নাতির অধিকার থাকে? বড় রায় দিল সুপ্রিম কোর্ট
কিন্তু সাবস্ক্রিপশনের জন্য টাকা খরচ করতে না চাইলে কী করবেন? সে ক্ষেত্রে বিকল্প অ্যাপের সাহায্য নিতে পারেন ব্যবহারকারীরা। গুগলের জেমিনি, চ্যাটজিপিটি কিংবা ক্লডের মতো এআই অ্যাপ দিয়ে অনেক কাজই করা সম্ভব। ছবি সম্পাদনার জন্য গুগল ফটোজের বিনামূল্যের সংস্করণও ব্যবহার করা যেতে পারে। আবার বিভিন্ন অ্যাপের কাজ স্বয়ংক্রিয় করতে রয়েছে টাস্কার ও ম্যাক্রোড্রয়েডের মতো অ্যাপ। অর্থাৎ, স্যামসাংয়ের (Samsung) প্রিমিয়াম পরিষেবা চালু হলেও বিকল্পের অভাব হবে না। তবে শেষ পর্যন্ত কোন কোন ফিচার বিনামূল্যে থাকবে, তা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার পরেই স্পষ্ট হবে।












