জন্মসূত্রে ঠাকুরদার সম্পত্তিতে নাতির অধিকার থাকে? বড় রায় দিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

Supreme Court says grandson has no right over grandfather property

বাংলা হান্ট ডেস্কঃ জন্মসূত্রে ঠাকুরদার সম্পত্তিতে নাতির কোনও অধিকার নেই। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের (Hindu Succession Act) ৮ ধারা অনুসারে বাবা তাঁর বাবার থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি লাভ করেন, তাতে জন্মসূত্রে ছেলের কোনও অধিকার থাকে না। বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চ এই রায় দিয়েছে।

হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে রায় সুপ্রিম কোর্টের | (Supreme Court)

প্রায় ২৯ বছর আগে নাবালক হিসেবে মায়ের মাধ্যমে মামলাটি করেছিলেন মামলাকারী। তাঁর দাবি ছিল, ১৮১১ স্কোয়ার ফুট একটি সম্পত্তির অর্ধেকের অধিকার তাঁকে দেওয়া হোক।

Supreme Court

মামলাকারীর বক্তব্য অনুযায়ী, ওই সম্পত্তির মালিক ছিলেন তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণ। সেই সূত্রে তাঁর বাবা ও তাঁর অধিকার রয়েছে। আপস মামলার মাধ্যমে মামলাকারীর বাবা ওই সম্পত্তিটির অধিকারী হন। ১৯৯৭ সালে ওই সম্পত্তি বিক্রি করা হলে শুরু হয় টানাপড়েন।

আরও পড়ুনঃ কমেছে জৌলুস! এবারের ভাইফোঁটায় মমতার বাড়িতে কী আয়োজন? মুখ খুললেন কুণাল

আপিল আদালত হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নং ধারা অনুসারে জানায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির একক মালিক হয়ে যান আবেদনকারীর বাবা। সেই সম্পত্তিতে তাঁর ছেলে হিসেবে আবেদনকারীর কোনও জন্মগত অধিকার থাকে না।

সংশ্লিষ্ট আইনের ৬ নং ধারা উল্লেখ করে আপিল আদালত স্পষ্ট করে দেয়, আগেই ভাগ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ধারা এখানে প্রযোজ্য হবে না। সম্পত্তির মূল মালিকের উত্তরাধিকারীরাই নিজ নিজ অংশের একচ্ছত্র মালিক। জন্মসূত্রে তাতে আবেদনকারীর কোনও অধিকার নেই বলে জানায় হাইকোর্ট।

সুপ্রিম কোর্টও জানিয়েছে, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ৮ ধারা অনুসারে বাবা তাঁর বাবার থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি লাভ করেন, তাতে জন্মসূত্রে ছেলের কোনও অধিকার থাকে না। বিশেষত সম্পত্তিটি যখন আগেই ঠাকুরদার আইনি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয়ে গিয়েছে।

বিচারপতি মাসিহ ও বিচারপতি আগরওয়ালের বেঞ্চ জানিয়েছে, কোনও হিন্দু ব্যক্তির মৃত্যু হলে আইন অনুযায়ী তাঁর সম্পত্তি প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের কাছে যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পুত্র ও মৃত পুত্রের ছেলেকে প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা আছে। জীবিত পুত্রের ছেলেকে অন্তর্ভুক্ত করা হয়নি।

কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর সম্পত্তি ভাগ নিয়ে অনেক সময় পরিবারের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। বহু ক্ষেত্রে তা আদালত অবধি গড়ায়। এবার এমনই একটি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে জন্মসূত্রে ঠাকুরদার সম্পত্তিতে নাতির অধিকার নেই।