সরকারি কর্মীদের ছুটিতে কাটছাঁট! ৪০ দিনে নামতে পারে ছুটির তালিকা, জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari announced the list of government holidays will be reduced soon

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বার্ষিক ছুটির হিসাব এবার নতুন করে সাজাতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দফতরের কাজের গতি বাড়ানোর উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই লক্ষ্যেই এবার ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা সামনে আনলেন তিনি।

শীঘ্রই কমবে সরকারি ছুটি, জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

শুক্রবার নবান্নের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগের তৃণমূল সরকারের আমলে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কাজের দিনের সংখ্যা কমে যাওয়ায় প্রশাসনিক কাজেও তার প্রভাব পড়েছিল। ফলে আগামী দিনে রাজ্যের সরকারি ছুটির ক্যালেন্ডারে বড়সড় কাটছাঁট হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Suvendu Adhikari announced  the list of government holidays will be reduced soon

শুক্রবার নবান্নে রাজ্যের প্রশাসনিক কাজকর্মে দীর্ঘ বিরতির প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।’ সরকারি ছুটির সংখ্যা পুনর্বিবেচনার প্রক্রিয়া অবশ্য ইতিমধ্যেই শুরু হয়েছে। গত সপ্তাহে অর্থসচিবের সঙ্গে বৈঠক করে ছুটির তালিকা ছোট করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ডাক বিভাগের সমস্ত প্রকল্পের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক, নির্দেশিকা পাঠাল কেন্দ্র

বর্তমানে বিভিন্ন উৎসব, স্মরণীয় দিন এবং অন্যান্য উপলক্ষে সব মিলিয়ে বছরে প্রায় ৫০ দিন ছুটি পান রাজ্য সরকারি কর্মীরা। প্রাথমিকভাবে ৪৫ দিনের একটি প্রস্তাবিত তালিকা তৈরি করা হলেও তাতেও সন্তুষ্ট হননি শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছুটির সংখ্যা আরও কমিয়ে ৪০ দিনে নামাতে হবে। তাঁর কথায়, ‘আমি অর্থসচিবকে ডেকে বলেছিলাম, কমাতে হবে। উনি ৪৫ দিনের একটি তালিকা দিয়েছেন। বলেছি, ওটা আরও কমিয়ে ৪০ করতে।’

বিগত সরকারের আমলে ছুটির তালিকা কীভাবে দীর্ঘ হয়েছে, সেই বিষয়টিও উঠে এসেছে এই বিতর্কে। সাম্প্রতিক ছুটির সূচি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ অফিস খোলার প্রথম দিন। দীর্ঘ দিন ধরে ছুটি ছিল। প্রায় ১৫ তারিখ ছুটি পড়েছিল, মাঝখানে দু একদিন অফিস হলেও, আবার দীপাবলি, ভাতৃ দ্বিতীয়া সহ একটি লম্বা ছুটির পরে একদিনের কর্মদিবসের সুযোগ আমরা পেয়েছি। কাল থেকে আবার ১৬ তারিখ অবধি ৩ দিন ছুটি। আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত, পে কমিশন দেব না, ডিএ দেব না, তো বেশি ছুটি দিলে আর বেশি কাজ করতে হবে না। ফাইল আসবে না।’

শুধু ছুটির সংখ্যা কমানো নয়, সরকারি দফতরে কাজের দিনের সংখ্যা বাড়িয়ে প্রশাসনিক গতিশীলতা ফেরানোই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তবে প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে কোন কোন উৎসব বা বিশেষ দিনের ছুটি বাদ যাবে, তা এখনও স্পষ্ট নয়। অর্থ দপ্তরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই সরকারি কর্মীদের নতুন ছুটির হিসাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।