গোশালার পরিকাঠামো তৈরিতে মিলবে সরকারি টাকা! নতুন প্রকল্প নিয়ে বড় বিজ্ঞপ্তি

Published on:

Published on:

West Bengal Government launched Goshala Subsidy Scheme

বাংলা হান্ট ডেস্ক : গরু পালনের জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এল রাজ্য সরকার (West Bengal Government)। গোশালাগুলিকে অনুদান দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট প্রকল্প চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন এই উদ্যোগের নাম ‘গোশালা সাবসিডি স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল’। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে প্রকল্পটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়। এরপর ২৫ নভেম্বর প্রাণিসম্পদ বিকাশ দফতর বিজ্ঞপ্তি জারি করে প্রকল্পের নিয়ম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দ্রুত এই পদক্ষেপকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

প্রকল্পের মাধ্যমে গোশালাগুলিকে টাকা দেবে সরকার(West Bengal Government)

প্রাণিসম্পদ বিকাশ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে উদ্ধার হওয়া পশুদের রাখার মতো উপযুক্ত পরিকাঠামো তৈরি করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বেআইনি পথে পশু পাচার বা পরিবহণের সময় আটক হওয়া, নির্যাতনের হাত থেকে উদ্ধার করা কিংবা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গবাদি পশুদের নিরাপদ আশ্রয় দিতে হয়। অনেক ক্ষেত্রেই এই দায়িত্ব নেয় বিভিন্ন গোশালা। কিন্তু পশুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায়।

West Bengal Government launched Goshala Subsidy Scheme

খাবার সরবরাহ, চিকিৎসা, পরিচ্ছন্নতা এবং থাকার জায়গার ব্যবস্থা করতে গিয়ে গোশালাগুলিকে নিয়মিত আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। সরকারি সহায়তা চালু হলে এই প্রতিষ্ঠানগুলির উপর থেকে খরচের কিছুটা চাপ কমবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পের অর্থ মূলত গোশালার পরিকাঠামো উন্নয়নের কাজে লাগানো যাবে। পশুদের থাকার জন্য নতুন আশ্রয়স্থল তৈরি কিংবা আগে থেকে থাকা শেডের মেরামতি করা যাবে এই অনুদানের মাধ্যমে। এছাড়া অসুস্থ পশুদের অন্যদের থেকে পৃথক রাখার জন্য আইসোলেশন ওয়ার্ড এবং বাইরে থেকে নতুন করে আসা পশুদের পর্যবেক্ষণে রাখার জন্য কোয়ারেন্টাইন শেড তৈরির সুযোগ থাকবে।

আরও পড়ুন : প্রাপ্যর তুলনায় কম বকেয়া DA দেওয়ার অভিযোগ! বড় পদক্ষেপের পথে সরকারি কর্মী সংগঠনগুলি

পশুখাদ্য মজুত করার জায়গা, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাও এই প্রকল্পের আওতায় উন্নত করা যাবে। অর্থাৎ, শুধু পশুদের মাথা গোঁজার ঠাঁই তৈরি নয়, তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলার দিকেও নজর দিয়েছে সরকার। সরকারি অনুদান পেতে হলে গোশালাগুলিকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গ সোসাইটি রেজিস্ট্রেশন আইন, ১৯৬১, সংশ্লিষ্ট ট্রাস্ট আইন অথবা অন্য কোনও প্রযোজ্য আইনের অধীনে বৈধভাবে নিবন্ধিত হতে হবে।

পাশাপাশি পশুদের পরিচয় ও সংখ্যা সংক্রান্ত প্রয়োজনীয় নথি, নিজস্ব জমি অথবা উপযুক্ত ভবনের ব্যবস্থা থাকা জরুরি। পশুদের সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত সরকারি নিয়মও যথাযথভাবে পালন করতে হবে। তবে অনুদান দেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানকে বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে। যেসব গোশালা দীর্ঘদিন ধরে উদ্ধার হওয়া বা বাজেয়াপ্ত পশুদের দায়িত্ব নিচ্ছে, যাদের আশ্রয়ে তুলনামূলক বেশি সংখ্যক গবাদি পশু রয়েছে এবং নিজস্ব পশুচিকিৎসা পরিষেবার ব্যবস্থা আছে, তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে উদ্ধার হওয়া পশুদের পুনর্বাসনের কাজ আরও সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু গোশালার পরিকাঠামো উন্নয়ন নয়, পশুদের সুরক্ষায় প্রশাসনিক ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে এই প্রকল্পের।