বাংলা হান্ট ডেস্কঃ মা দ্বিতীয়বার বিয়ে করলেও সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক মুছে যায় না। সন্তানের দায়িত্ব কিছুতেই এড়িয়ে যেতে পারেন না বাবা। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অজয় কুমার গুপ্তের (Justice Ajay Kumar Gupta) নির্দেশ, সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবাকেই নিতে হবে।
সন্তানকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের | (Calcutta High Court)
আদালত সূত্রে জানা গিয়েছে, দাম্পত্য কলহ ও গার্হস্থ্য হিংসার কারণে ছোট মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। বড় মেয়ে বাবার কাছেই থেকে যায়। পরবর্তীতে দম্পতির বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী ফের বিয়ে করেন। তবে ছোট মেয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।

সেই মামলায় বারাসাত আদালতের নির্দেশ ছিল, নাবালিকা মেয়ের জন্য প্রত্যেক মাসে খোরপোষ হিসেবে বাবাকে ৩৫০০ টাকা করে দিতে হবে। নিম্ন আদালতের এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বাবা। তাঁর দাবি, তিনি পেশায় একজন কৃষক। মাসে মাত্র ৩ হাজার টাকা উপার্জন করেন। ফলে তাঁর পক্ষে প্রতি মাসে ৩৫০০ টাকা খোরপোষ দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ প্রাপ্যর তুলনায় কম বকেয়া DA দেওয়ার অভিযোগ! বড় পদক্ষেপের পথে সরকারি কর্মী সংগঠনগুলি
এছাড়া মামলাকারীর যুক্তি, মেয়ে নিজে গার্হস্থ্য হিংসার শিকার হয়নি। ফলে আইন মেনে তাঁর জন্য ভরণপোষণ চাওয়া যায় না। যদিও সেই যুক্তি মানেনি আদালত।
বৃহস্পতিবার বিচারপতি গুপ্তের বেঞ্চে এই মামলা উঠেছিল। সেই শুনানি চলাকালীন তাঁর পর্যবেক্ষণ, গার্হস্থ্য হিংসার মামলায় নির্যাতিতা মহিলার পাশাপাশি তাঁর সন্তানদের ভরণপোষণের কথাও স্পষ্টভাবে বলা আছে। সন্তানকে আলাদা ভাবে ‘নির্যাতনের শিকার’ বলে প্রমাণ পেশের কোনও দরকার নেই।
হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, মা-বাবার বিবাহবিচ্ছেদ বা মায়ের দ্বিতীয় বিয়ের কারণে অতীতের পারিবারিক সম্পর্ক শেষ হয়ে যায় না। শুধুমাত্র এর জন্য সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বাবা। শেষ অবধি নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মাসে ৩৫০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ বহাল রাখার রায় দেয় আদালত।












