বাংলাহান্ট ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর প্রথমবার ভারতের (India) মাটিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের (Pakistan) কোনও মন্ত্রী। আগামী ২০ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (SCO)-র তিন দিনের ‘সিভিলাইজ়েশন ডায়লগ’। সেই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের তরফে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। শনিবার পাক বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক দিল্লিতে আসবেন। সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের আবহে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার ভারতে (India) আসছেন পাকিস্তানের মন্ত্রী
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত বছরের মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। এর পর দু’দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়, যা চলে টানা চার দিন। সেই ঘটনার পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রিসভার কোনও সদস্য ভারতে (India) আসছেন। এর আগে ২০২৩ সালের মে মাসে এসসিও-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়ারদারি।
আরও পড়ুন: ‘কিছু জায়গায় পুলিশ নিজেকে মন্ডল সভাপতি…’, শমীকের মন্তব্যের পর মুখ খুললেন দিলীপ-অগ্নিমিত্রা
দিল্লির এই সম্মেলনে পাকিস্তান প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে এত দিন সংশয় ছিল। গত ২৮ অক্টোবর ভারত সরকার জানিয়েছিল, প্রচলিত রীতি মেনেই এসসিও-র সমস্ত সদস্য দেশকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অবশেষে শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক তাদের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে। বিবৃতিতে বলা হয়েছে, এসসিও-র মঞ্চে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের মন্ত্রিসভার পরিচিত মুখ মুসাদ্দিক মালিক। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের টেলিভিশন বিতর্কে প্রায়ই তাঁকে দেখা যায়। বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতেও সক্রিয় তিনি। ফলে তাঁর এই দিল্লি সফর ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। যদিও এই সফরকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

আরও পড়ুন: বাবা চালান ছোট মুদিখানার দোকান! পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় মেয়ে, হলেন SDM
উল্লেখ্য, এসসিও-র মঞ্চে আগেও একাধিকবার সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত (India)। গত সেপ্টেম্বরের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে কোনও ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা যায় না। সেই সময় উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়ও। অন্যদিকে, এসসিও-র পরবর্তী শীর্ষ সম্মেলনের প্রস্তুতিও শুরু হয়েছে। সেই সূত্রে গত মাসে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক ডিমরীকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল। এ বার দিল্লির সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধির উপস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।












