- বাংলাহান্ট ডেস্ক: বাবার ছোট্ট মুদির দোকান। সংসারে আর্থিক স্বচ্ছলতা তেমন ছিল না। তবে সন্তানদের সফলভাবে (Success Story) স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি বাবা-মা। তাঁদের সেই লড়াই আর মেয়ের অদম্য জেদই শেষ পর্যন্ত এনে দিল সাফল্য। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পাবলিক সার্ভিস কমিশনের (UPPSC) PCS ২০২৪ পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন রায়বরেলির আনন্দ নগরের অনন্যা ত্রিবেদী। প্রথমবার পরীক্ষায় বসেই এমন নজরকাড়া ফল করেছেন তিনি। এই সাফল্যের সুবাদে ডেপুটি কালেক্টর বা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হওয়ার সুযোগ পেয়েছেন অনন্যা।
অনন্যা ত্রিবেদীর অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
অনন্যার বাবা সুশীল কুমার ত্রিবেদী একটি ছোট মুদির দোকান চালান। মা রেখা রানি সরকারি স্কুলের শিক্ষিকা। একসময় গ্রামের বাড়ি থেকে রায়বরেলিতে যাতায়াত করেই পড়াশোনা করতে হত অনন্যাকে। মেয়ের পড়াশোনার সুবিধার কথা ভেবে ১৯৯৫ সালে আনন্দ নগরে জমি কিনে বাড়ি তৈরি করেন তাঁর বাবা। আর্থিক অনটন থাকলেও সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কখনও আপস করেননি তাঁরা। দোকান সামলানোর ফাঁকেও সন্তানদের পড়াশোনার খোঁজ রাখতেন বাবা। স্কুলের কাজ সেরে বাড়ি ফিরে পড়াশোনায় সাহায্য করতেন মা। অনন্যার কথায়, তাঁর সাফল্যের পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি মামা রাজেশ কুমার পাণ্ডের পরামর্শও তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। রাজেশ বর্তমানে কানপুর দেহাতে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (Success Story)।
আরও পড়ুন: হুয়াংয়ের পর কার হাতে Nvidia-র দায়িত্ব? CEO পদের দৌড়ে সামিল ৩ ভারতীয় বংশোদ্ভূত
ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী অনন্যার স্কুলজীবন কেটেছে রায়বরেলিতে। স্বামী জানকী শরণ পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ২০১৯ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) থেকে সমাজবিদ্যায় অনার্স নিয়ে স্নাতক হন। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, নেট (NET) পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন তিনি।
PCS পরীক্ষার প্রস্তুতির সময় প্রতিদিন গড়ে ছয় ঘণ্টা পড়াশোনা করতেন অনন্যা। প্রথমবার পরীক্ষায় বসেই প্রিলিমিনারি, মেনস এবং ইন্টারভিউয়ের প্রতিটি ধাপ সফলভাবে পেরিয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেন। তাঁর মতে, নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা, বিষয়গুলির মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং নিজের উপর বিশ্বাস রাখাই সাফল্যের মূলমন্ত্র। প্রস্তুতির ক্ষেত্রে ধারাবাহিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

তবে SDM হওয়ার সুযোগ পেয়েই নিজের লক্ষ্য সীমাবদ্ধ রাখতে চান না অনন্যা। বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ভাইও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত। ছোট মুদির দোকান চালানো বাবা এবং শিক্ষিকা মায়ের নিরন্তর লড়াই যে মেয়ের স্বপ্নপূরণের ভিত তৈরি করে দিতে পারে, অনন্যার সাফল্য যেন তারই প্রমাণ। প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্য স্থির রেখে এগিয়ে চললে সাফল্য যে অধরা থাকে না, আরও একবার তা দেখিয়ে দিলেন রায়বরেলির এই তরুণী (Success Story)।












