‘ফোন ট্যাপ করছেন প্রধানমন্ত্রী মোদী’, রাহুলের অভিযোগে জল ঢাললেন কংগ্রেসেরই বর্ষীয়ান নেতা স্যাম পিত্রোদা

Published on:

Published on:

Sam Pitroda dismisses Rahul's allegations of phone tapping against Narendra Modi.

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু সেই অভিযোগ ঘিরেই এ বার কিছুটা অস্বস্তিতে পড়তে হল কংগ্রেসের প্রবীণ নেতা স্যাম পিত্রোদাকে (Sam Pitroda) রাহুলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও পরিচিত স্যাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে কারও ফোন ট্যাপ করেন না। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী তো আর স্ক্রুড্রাইভার নিয়ে কিংবা কম্পিউটারের সামনে বসে ফোন ট্যাপ করবেন না।’’ স্যামের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মোদির বিরুদ্ধে রাহুলের অভিযোগকে খারিজ করলেন স্যাম  পিত্রোদা (Sam Pitroda):

সম্প্রতি রাহুল দাবি করেছিলেন, তাঁর স্মার্টফোনের কারণেই প্রধানমন্ত্রী মোদি অস্বস্তিতে রয়েছেন। তাঁর ফোনে এমন কিছু তথ্য ও প্রমাণ রয়েছে, যা প্রকাশ্যে এলে প্রধানমন্ত্রীর পদে থাকা কঠিন হয়ে পড়বে বলে দাবি করেন কংগ্রেস নেতা। এমনকি মোদি তাঁর ফোনে আড়ি পাতছেন বলেও অভিযোগ তোলেন তিনি। রাহুলের বক্তব্য ছিল, বিদেশি শক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর আপসের প্রমাণও তাঁর ফোনে রয়েছে। সেই কারণেই সরাসরি বিতর্কে বসতে ভয় পাচ্ছেন মোদি।

আরও পড়ুন: পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা সুমিতের! স্ত্রীর অভিযোগে পদক্ষেপ মানবাধিকার কমিশনের

রাহুলের অভিযোগের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে স্যাম পিত্রোদা অবশ্য কিছুটা ভিন্ন সুর শোনান। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নিজে ফোন ট্যাপ করেন না, তবে ফোনে নজরদারি চালানোর ঘটনা নতুন নয়। রাহুলের যদি মনে হয় তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে, তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। স্যামের দাবি, তাঁর নিজের ফোনেও নজরদারি চলে। এমনকি ল্যাপটপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তবে এই কাজের পিছনে কারা রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি কংগ্রেসের এই নেতা।

রাজীব গান্ধীর আমল থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত স্যাম পিত্রোদা। রাহুল গান্ধীর রাজনৈতিক চিন্তাভাবনা ও অবস্থান তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ফলে রাহুলের অভিযোগের পর তাঁর এই মন্তব্য রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sam Pitroda dismisses Rahul's allegations of phone tapping against Narendra Modi.

আরও পড়ুন: হুয়াংয়ের পর কার হাতে Nvidia-র দায়িত্ব? CEO পদের দৌড়ে সামিল ৩ ভারতীয় বংশোদ্ভূত

অন্যদিকে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো বলেই জানিয়েছেন স্যাম। দীপাবলিতে মোদির কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছিল। স্যামের (Sam Pitroda) ব্যাখ্যা, উৎসবের দিনে শুভেচ্ছা বিনিময় অত্যন্ত স্বাভাবিক বিষয়। ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনৈতিক বিরোধকে এক করে দেখা উচিত নয়। তাঁর মতে, দু’টি ক্ষেত্রের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি।