নির্মলের পর সঞ্জীবও গ্রেফতার, খুশি অভয়ার মা লিখলেন, ৫ বছর আগে…

Published on:

Published on:

Abhaya's mother Ratna Debnath happy with police action in RG Kar case
Follow

বাংলা হান্ট ডেস্ক : অভয়ার পরিবারের তরফে নতুন করে অভিযোগ দায়েরের পরই দ্রুত পদক্ষেপ নিল পুলিশ। অভিযোগ জমা দেওয়ার দু’দিনের মধ্যেই পরপর গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পুলিশের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন তিনি।

আর জি কর মামলার অগ্রগতিতে খুশি রত্না দেবনাথ (Ratna Debnath)

অভয়ার পরিবারের তরফে অভিযোগ দায়ের করার পর বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে পাকড়াও করা হয়। পরে রাতেই লুধিয়ানা থেকে ফেরার পর গ্রেপ্তার করা হয় সঞ্জীবকে। গত ৯ অগস্ট অভয়ার স্মরণসভায় উপস্থিত হয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। আমি কমিটেড।”

প্রসঙ্গত, তার পরেই অভয়ার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তদন্তে তৎপরতা বাড়ে। ১৩ অগস্ট প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়।পরপর দুই গ্রেপ্তারিতে পুলিশের ভূমিকায় খুশি অভয়ার মা।পাশাপাশি মুখ্যমন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভয়ার মা লেখেন, “প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ স্পষ্ট। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক নিয়মে থেকে যে কথা দিয়ে গিয়েছিলেন ৯ আগস্ট ট্রাস্টের মঞ্চে, সেই মতো প্রশাসন কাজ শুরু করায় দুইজন অপরাধী আজ গ্রেপ্তার হয়েছে। আরও হবে। বাংলার সব মা মেয়ের সুরক্ষা নিশ্চিত। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী সবার দায়িত্বশীল দাদা, ভাই।”

এরপরই নিজের মেয়েকে হারানোর যন্ত্রণা এবং অতীতের পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে রত্না দেবনাথ লেখেন, “পাঁচ বছর আগে এমন মুখ্যমন্ত্রী এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ আমার থেকে কাড়তে পারত না।” এনআরএসের এক নার্সের মৃত্যুর ঘটনাতেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়ার মা। ওই মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “এনআরএসে নার্সের মর্মান্তিক মৃত্যুর যথার্থ তদন্ত হোক। পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই।”

Abhaya's mother Ratna Debnath happy with police action in RG Kar case

আরও পড়ুন : চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল

উল্লেখ্য, দুজনের গ্রেপ্তারির পর এখন তদন্তের পরবর্তী ধাপের দিকে নজর রয়েছে সকলের। অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে আরও কোনও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে অভয়ার পরিবার।